২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে জহিরুল হকের জানাজা, লাশ আসবে সোমবার

সাংবাদিক জহিরুল হকের প্রথম জানাজা রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে হয়েছে। সোমবার লাশ বাংলাদেশে আনা হবে বলে তার স্বজনরা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 08:23 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

দিল্লির এইচবিএস ইনস্টিটিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান এই আলোকচিত্র সাংবাদিক।

তিনি তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। রোববার হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে লাইফ সাপোর্ট খুলে নেয়।

দিল্লিতে অবস্থারত এই সাংবাদিকের ছেলে হাসিব জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোহরের নামাজের পর হজরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার মসজিদে জানাজা হয়। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আমের। 

জানাজা শেষে জহিরুলের মরদেহ রাখা হয়েছে হিমঘরে। সোমবার বিকালে বিমানযোগে বাবার লাশ নিয়ে দেশের পথে রওনা হবেন বলে হাসিব জানান।

জহিরুল হকের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

জহিরুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোকবার্তায় তিনি বলেন, “জহিরুল হকের ‍মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ এবং সাহসী সাংবাদিক হারাল। তার মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের জন্য অপূরণীয়।”

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় আনার পর জহিরুল হকের মরদেহ প্রথম তার ধানমণ্ডির বাড়িতে নেয়া হবে। এরপর তা আনা হবে জাতীয় প্রেসক্লাবে, সেখানে জানাজা হবে।

নারায়ণগঞ্জের নবীগঞ্জ গ্রামে শেষ জানাজার পর স্থানীয় কবরস্থানে জহিরুলকে দাফনের প্রস্তুতি নেয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে।

লিভার সিরোসিসে আক্রান্ত জহিরুল হককে গত ৫ জুন দিল্লি নেয়া হয়েছিল। শারীরিক অবস্থার অবস্থার অবনতি ঘটলে গত ১২ জুন তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

ভারতে নেয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জহিরুল হক।

মৃত্যুর আগ পর্যন্ত জহিরুল হক কলকাতার আজকাল পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জে জন্ম নেয়া জহিরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার আগে থেকে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।

পাকিস্তান আমলে দৈনিক আজাদে দীর্ঘদিন  কাজ করেন তিনি। এরপর তিনি বাংলাদেশ অবজারভার, বাংলার বাণী, বাংলাদেশ টাইমসে কাজ করেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে ছিলেন জহিরুল হক।

তার নেতৃত্বেই গঠিত হয় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। কয়েকবার এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জহিরুল হকের মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।