কুমিল্লায় অপহৃত শিশু উদ্ধার কক্সবাজারে
কুমিল্লার হোমনা উপজেলা থেকে অপহৃত এক শিশুকে তিন দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকাল ৪টার দিকে কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লী এলাকা থেকে নাইম ইসলামকে (১১) উদ্ধার করা হয়।
নাইম ইসলাম কুমিল্লার হোমনা উপজেলার গৌরিবান্দার নুরে আলমের ছেলে।
বিজিবির কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল আলম জানান, বিকাল ৪টার দিকে বিজিবির একটি টহল দলের কাছে ছুটে এসে একটি শিশু আশ্রয় চায়।
শিশুটি তাদের জানায় যে, সে তিন দিন আগে অপহৃত হয়। তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। ওখান থেকে কৌশলে পালিয়ে আসার সময় অপহরণকারীরা তাকে ধাওয়া করছে।
বিজিবি কর্মকর্তা আরো জানায়, ওই শিশুর কাছ থেকে পাওয়া মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে শিশুর বাবার সঙ্গে তারা কথা বলেছেন।
শিশুটির বাবা নুরে আলম জানান, তিন দিন আগে তার ছেলেকে অপহরণ করে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। তিনি টাকা দেয়ার জন্য সময় চেয়েছিলেন অপহরণকারীদের কাছ থেকে।
উদ্ধারের পর তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, শিশুটিকে অজ্ঞান করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে আসা হয় বলে সে জানিয়েছে। শিশুটির দেয়া তথ্যমতে তাকে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল ওই বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
