বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, ১১ জেলেকে অপহরণ
বঙ্গোপসাগরে রোববার গভীর রাতে কয়েকটি মাছধরা ট্রলারে ডাকাতি করে একটি ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।
ডাকাতির সময় জলদস্যুদের হামলায় ২২ জেলে আহত হন বলে ফিরে আসা জেলেরা জানান।
কোস্ট গার্ডের পেটি অফিসার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাকাতির কবল থেকে ফিরে আসা তালতলীর তেতুলবাড়ীয়ার জেলে মারুফ ফকির জানান, রোববার রাত ২টার দিকে তালতলীর সকিনা ও পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লালদিয়া ও পক্ষীদিয়ার চর সংলগ্ন এলাকায় জেলেরা সাগরে জাল ফেলে মাছ শিকার করছিলেন।
এ সময় সুন্দরবনের জলদস্যু বাহিনীর সদস্যরা ১২ ট্রলারে সশস্ত্র হামলা চালায়। এ সময় তারা মুক্তিপণের জন্য একটি ট্রলারসহ তালতলীর ১১ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
তবে কত টাকা মুক্তিপণ চেয়েছে তা জানাতে পারেননি তিনি।
অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন শহিদুল ইসলাম (৩০), ছগির হোসেন (২৮), ফজলু মাঝি (৪৮), হালিম মাঝি (৪৫), জাহাংগীর হোসেন (৩৫), শহিদুল হক (৩০), বেল্লাল (২৫), ইউসুফ (৩২), নুরুল হক (৪৫) ও বারেক ঘরামী (৪০)।
এদের সবার বাড়ি তালতলী উপজেলার তেতুলবাড়ীয়া, নলবুনিয়া ও জয়ালভাংগা গ্রামে।
ডাকাতির শিকার ট্রলারের মধ্যে এফবি মায়ের দোয়া, এফবি হাওলাদার, এফবি জাকিয়া ও এফবি আল্লাহর রহমত এর নাম জানা গেছে।
তালতলী কোস্ট গার্ডের পেটি অফিসার নজরুল ইসলাম জানান, গভীর রাত পর্যন্ত তাদের টহল টিম সাগরে ছিল। কিন্তু অধিক রাতে ডাকাতি হওয়ায় তারা যথাসময়ে খবর পাননি। ফলে দস্যুদের ধরা সম্ভব হয়নি।
তবে অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
