২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার হরতাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নেতার উপর হামলার প্রতিবাদে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার আট ঘণ্টা হরতাল ডেকেছে সংগঠনটি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 07:27 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার সন্ধ্যায় শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ফরহাদ রেজার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ তিন জেলায় হরতাল ডাকা হয়েছে।

সংগঠনের নেতাদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ফাইন্যান্স আন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের একটি পা কেটে বিচ্ছিন্ন করেছে।

শিবির এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগ তা অস্বীকার করেছে।