চট্টগ্রাম সিটি করপোরেশনের বাজেট ২২ জুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে আগামী ২২ জুন।
সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
চসিকের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুন রোববার সকাল ১১টায় চসিকের বিশেষ সাধারণ সভায় বাজেট ঘোষণা করা হবে।
এতে বলা হয়, সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম চসিকের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে বাজেট ঘোষণা করবেন।
২০১০ সালের ১৭ জুন চসিক নির্বাচনে সাবেক মেয়র ও নিজের রাজনৈতিক গুরু নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন মন্জুর।
এরপর থেকে মন্জুর চসিকের তিনটি বাজেট ঘোষণা করেছেন।
২২ জুনের বাজেট হবে তার দেয়া চতুর্থ এবং সম্ভবত তার মেয়াদের শেষ বাজেট।
জলাবদ্ধতা, পরিচ্ছন্নতা ও যানজট নিরসনসহ ৫৬ দফা বিভিন্ন মেয়াদী প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন মনজুর।
প্রতিশ্রুতি দিলেও এসব বাস্তবায়নে গত চার বছরে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ নাগরিকদের।
পরে তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদে নিয়োগ পান।
