হাজি সেলিমের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ
পুরান ঢাকায় প্রয়াত এক আওয়ামী লীগ নেতার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে সংসদ সদস্য হাজি মো. সেলিমের বিরুদ্ধে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলেন প্রয়াত শামসুল ইসলামের পরিবার। তারা দাবি করেন, নবাবপুর রোডে তাদের সাড়ে ৬ কাঠা জমি দখল করেছেন হাজী সেলিম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৬ সালে নবাবপুরে ১০১, ১০২ ও ১০৩ নম্বর হোল্ডিংয়ের সাড়ে ৬ কাঠা জমি শামসুল ইসলাম কিনেছিলেন। ওই জমিতে কিছু দোকান তুলে ভাড়া দেয়া হচ্ছিল।
২০১৩ সালে শামসুল হক সেখানে বহুতল ভবন নির্মাণের জন্য একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। তিনি মারা গেলে তার পাঁচ উত্তরাধিকারী ভবনটির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
শামসুল ইসলামের মেয়ে সানিয়া ইসলাম বলেন, “এতদিন কোনো সমস্যা হয়নি। এখন হাজি সেলিম জাল দলিল তৈরি করে জমি ও নির্মাণাধীন ভবনের মালিকানা দাবি করছেন।
“গত ১৩ জুন তিনি নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে আমাদের চলে যেতে বলেন। কিন্তু তা না শোনায় পরদিন তিনি অস্ত্রসহ ২০-২৫ জন লোক নিয়ে আমাদের ওই জমি ছেড়ে দিতে হুমকি দেন।”
এ নিয়ে ওয়ারী থানায় অভিযোগ করতে গেলেও তা পুলিশ নেয়নি বলে অভিযোগ করেন সানিয়া।
সানিয়া বলেন, “হাজি সেলিম দাবি করছেন, তার শ্বাশুড়ি এই জমির মালিক। জাল দলিল নিয়ে আদালতে একটি মামলাও করেছেন তিনি।”
ওই মামলায় আদালত তদন্ত করে প্রতিবেদন দিতে ওয়ারী থানার ওসিকে নির্দেশ দিলেও এর মধ্যেই হাজি সেলিম তাদের উৎখাতের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ শামসুলের পরিবারের।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ারী থানার ওসি তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত একটি তদন্ত প্রতিবেদন ও উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। অতি শিগগিরই আমরা তদন্ত প্রতিবেদন জমা দেব।”
অভিযোগ না নেয়ার বিষয়ে শামসুল পরিবারের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “উভয়পক্ষই আমার কাছে এসেছিল। আমি তাদেরকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার কথা বলেছি।”
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা হাজি সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শামসুলের পরিবার যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজি সেলিম দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
গত ফেব্রুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল দখলের অভিযোগে তার বিরুদ্ধে মাসব্যাপী আন্দোলন করেছিল শিক্ষার্থীরা।
