নন-ক্যাডার কোটায় সহকারী সচিব হলেন ৭ জন
জনপ্রশাসনের সাত জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে সাত কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. মহিউদ্দিন মিয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. হায়দার আলীকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসাবে পদোন্নতি দেয়া হয়েছে।
এছাড়া অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম সরওয়ার, মো. আব্দুল গফুর ও মোহাম্মদ আলী এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাহরিন সুলতানাও সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসাবে পদোন্নতি পেয়েছেন।
এর আগে ২০১২ সালের ১ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে নন-ক্যাডার কোটায় পদোন্নতি দেয়া হয়।
মামলা সংক্রান্ত জটিলতার কারণে ছয় বছর বন্ধ থাকার পর ২০১২ সালে প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাদের নন-ক্যাডার কোটায় পদোন্নতি দেয় সরকার।
এর পরে কয়েক দফা কয়েকজন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে একইভাবে সহকারী সচিব হিসাবে পদোন্নতি দেয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতেই এসব পদে পদোন্নতি দেয়া হয়।
