বান্দরবানে জিপ উল্টে স্কুলছাত্র নিহত
বান্দরবানের লামায় জিপ উল্টে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো আট শিক্ষার্থী।
সোমবার সকাল পৌনে ১০ টায় উপজেলার ছলুমিয়াজি ঘাটা এলাকায় লামা-ডুলাহাজারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।হতাহতরা সবাই লামা হরগাজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লামা থানার ওসি মো. শাহাজাহান খান জানান, জিপটি (স্থানীয়ভাবে চান্দের গাড়ি হিসেবে পরিচিত) ডুলাহাজারা যাচ্ছিল। ছলুমিয়াজি ঘাটা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে জিপ উল্টে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেদোক মারা যায়। আহত হয় আরো আট শিক্ষার্থী।
আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
