দাবি নিয়ে এবার মানিকগঞ্জে যাচ্ছে গণজাগরণ মঞ্চ
গাজীপুরের পরে 'গণজাগরণ ঘরে ঘরে' কর্মসূচি নিয়ে মানিকগঞ্জে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের দাবির পক্ষে জনমত তৈরিতে আগামী ১৬ জুন মানিকগঞ্জে প্রচারণা চালানো হবে বলে রোববার মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, গণজাগরণ মঞ্চের ঢাকার কর্মীরা সোমবার মানিকগঞ্জ জেলার কর্মীদের সঙ্গে মিলে সেখানে প্রচার চালাবেন।
তিনি জানান, মঞ্চের কর্মীরা সকাল ৮টায় শাহবাগ থেকে রওনা হয়ে মানিকগঞ্জের পথে বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় প্রচারণা চালাবেন। যাত্রাপথে হেমায়েতপুরে সকাল ১০টায়, সাভার রানা প্লাজার সামনে বেলা ১১টায়, নবীনগর বাসস্ট্যান্ডে দুপুর সাড়ে ১২টায়, ধামরাই বাসস্ট্যান্ডে দুপুর ১টায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দুপুর ২টায় এবং শহীদ স্মৃতি বিজয়মেলার মাঠে বিকাল ৪টায় উপস্থিত থাকবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
এর আগে গত ১১ জুন গাজীপুরে প্রচারণা চালায় গণজাগরণ মঞ্চ।
জামায়াত নিষিদ্ধসহ ছয় দফা দাবির পক্ষে জনমত তৈরিতে গত ২৭ মে থেকে গণজাগরণ ঘরে ঘরে কর্মসূচি শুরু করেন মঞ্চের নেতাকর্মীরা।
ইমরান এইচ সরকারের নেতৃত্বে ঢাকা থেকে একাধিক দলের দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে। মাসব্যাপী কর্মসূচি আগামী ২৭ জুন পর্যন্ত চলবে।
