আ. লীগের সংঘর্ষ, স্কুলছাত্র গুলিবিদ্ধ
নাটোরের লালপুর উপজেলায় ফুটবল খেলায় অতিথি হওয়া নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হয়েছে।
রোববার সন্ধ্যায় কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনায় আহত সজিবকে (১০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লালপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে একটি ফুটবল ম্যাচের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোপালপুর পৌর আওয়ামী লীগ সভাপতি রোকসানা মর্তুজাকে প্রধান অতিথি করা হয়।
সন্ধ্যা ৬টার দিকে তিনি ওই মাঠে উপস্থিত হলে পৌর যুবলীগ নেতা স্বপন (৩২) প্রধান অতিথি রোকসানাকে অবাঞ্চিত ঘোষণা করেন এবং সমর্থকদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ও উপহার সামগ্রী তছনছ করেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুপক্ষের গোলাগুলির সময় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সজিব গুলিবিদ্ধ হয়।
সজিব কেশবপুর গ্রামের সবদিন আলীর ছেলে।
লালপুর থানার ওসি তালুকদার আব্দুল হাই বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
