ঢাকায় তিন শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত
ঢাকা মহানগরীতে আপাত দৃষ্টিতে ঝূঁকিপূর্ণ ৩২১টি ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা সিটি কর্পোরেশনকে তালিকা দেয়া হয়েছে বলে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন।
রোববার জাতীয় সংসদে পঞ্চগড়-২ আসনের সদস্য মো. নুরুল ইসলাম সুজনের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঝুঁকিপূর্ণ এসব ভবন চিহ্নিত করেছে।
নওগাঁ-৬ আসনের সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, উচ্চ শিক্ষার মান উন্নয়ন, নিয়ন্ত্রণ ও সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন গঠনের পরিকল্পনা বর্তমান সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
উচ্চশিক্ষা কমিশন গঠনের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে দিয়েছে জানিয়ে তিনি বলেন, অচিরেই এ প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপন করা হবে।
সংরক্ষিত মহিলা আসনের সদস্য মনোয়ারা বেগমের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানান, সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংখ্যা ৩৮ হাজার ৩৩৬টি, সহাকারী শিক্ষকের পদের সংখ্যা তিন লাখ ১৭ হাজার ১৩৬টি। এরমধ্যে সদ্য জাতীয়করণ করা হয়েছে এক লাখ ৪ হাজার ৭৭২টি পদ।
তিনি বলেন, ২০১৪ সালের জুন পর্যন্ত সময়ে এক হাজার ৪১৮টি প্রধান শিক্ষকের পদসহ সারসরি নিয়োগযোগ্য শূন্যপদের সংখ্যা ৬ হাজার ১১২টি। সহকারী শিক্ষকের শূন্যপদ সংখ্যা ৩২ হাজার ৬৭২টি।
“চলতি অর্থবছরে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য দ্বিতীয় পর্যায়ে সৃষ্ট সাত হাজারটি পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা শেষ হয়েছে। পরবর্তী কার্যক্রম দ্রুত শেষ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে।”
চট্টগ্রাম-১২ আসন থেকে নির্বাচিত শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত ৪২৩টি প্রাথমিক বিদ্যালয় মেরামত ও সংস্কারের জন্য দুই কোটি নব্বই লাখ ২৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে সংস্কারের কাজ শেষ করা হয়েছে।
ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াছ উদ্দিন মোল্লাহর এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী জানান, ঢাকা শহরকে ভিক্ষকমুক্ত করতে বর্তমান সরকার ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচি নিয়েছে।
এ কর্মসূচির আওতায় ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর পাইলটিং হিসেবে ঢাকা মহানগরীর ১০টি জোনে ১০ হাজার ভিক্ষুকের ওপর জরিপ পরিচালনা করা হয়। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় ৩৭ জন ও জামালপুর জেলায় ২৯ জনকে রিকশা, ভ্যান, ও ক্ষুদ্র ব্যবসার পুঁজি বিতরণের মধ্য দিয়ে পুনর্বাসন করা হয়েছে।
এই অভিজ্ঞতার আলোকে বিদেশি অভ্যাগতদের চলাচল বেশি এমন এলাকা যেমন-বিমানবন্দর এলাকা, হোটেল সোনারগাঁও, হোটেল রূপসী বাংলা, হোটেল রেডিসান, বেইলী রোড, কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকাকে প্রাথমিকভাবে ভিক্ষাবৃত্তিমুক্ত এলাকা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
“এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সরকারি সিদ্ধান্ত প্রয়োজন। বিষয়টি স্পর্শকাতর বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকের অনুমোদনের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে,” বলেন সমাজকল্যাণমন্ত্রী।
স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের পরিসংখ্যান সামজসেবা অধিদপ্তরে নেই।
তবে বাংলাদেশে ২০১২-২০১৩ অর্থবছরে প্রতিবন্ধী জনগোষ্ঠী সনাক্তকরণ জরিপ শুরু হয় এবং তার মাধ্যমে ২০১৪ সালের মে পর্যন্ত ১৬ লাখ ৯৬ হাজার ৫৫৯ জন প্রতিবন্ধী ব্যক্তির তথ্য সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১০ লাখ ৫৫ হাজার ৭২২ জনকে চিকিৎসকরা সনাক্ত করেছেন। এই জরিপ কার্যক্রম চলমান রয়েছে।
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
