একরাম হত্যায় ৩ জন রিমান্ডে, ২১ জন কারাগারে
ফেনীর ফুলগাজী উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় আবু বক্করকে পাঁচ দিন এবং আরমান হোসেন কাওসার ও সাইদুল ইসলাম পবনকে দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
এছাড়া এ মামলায় গ্রেপ্তার অপর ২১ আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
রোববার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খাইরুল আমিন এ আদেশ দেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যা মামলায় নতুন গ্রেপ্তার আবু বক্করকে আদালতে হাজির করে ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করলে আদালত ৫ দিন মঞ্জুর করে।
এছাঢ়া রিমান্ডে থাকা আসামি আরমান হোসেন কাওসার ও সাইদুল ইসলাম পবনের দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, এ মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার ২১ আসামিকে একই আদালতে হাজির করা হলে তারা জামিন আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদের মধ্যে রয়েছেন ফেনী পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী জিহাদ, আনন্দপুর ইউনিয়নের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক বেলাল হোসেন পাটোয়ারী, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর মামাত ভাই আবিদুল ইসলাম আবিদ।
সর্বশেষ গত শুক্রবার সদর উপজেলার ধলিয়ায় ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় আবু বক্করকে। আবু বক্কর শহরের বিরিঞ্চি এলাকার আব্দুর রউফের ছেলে, যিনি স্থানীয়ভাবে যুবলীগকর্মী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে তিনি শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিলেন।
পুলিশ ও র্যাব একরাম হত্যার ঘটনায় এ পর্যন্ত ২৬ জনকে গ্রেপ্তার করেছে। এ পর্যন্ত ১৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
