খাল দখল করে ভবন নির্মাণ
গোপালগঞ্জে কাশিয়ানীতে খাল দখলের পর ভরাট করে ভবন নির্মাণ করছেন এক শিক্ষক।
কাশিয়ানী উপজেলার সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস আক্তার সাজাইল খালের ৬০ শতাংশ জমি নিজের দাবি করে দখলে নিয়ে বালু দিয়ে ভরাট করেন। সম্প্রতি তিনি সেখানে ভবনের নির্মাণ শুরু করেছেন।
এতে খাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
সাজাইল ভূমি অফিসের ভারপ্রাপ্ত উপ সহকারী ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করার জন্য নোটিশ দিয়েছেন।
এদিকে, খালের জমি নিজের দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন ওই শিক্ষক।
স্থানীয়রা জানান, সাজাইল স্কুলের মাঠের পাশ দিয়ে সাজাইল খাল প্রবাহিত। বর্ষা মৌসুমে এ খাল দিয়ে নৌকা যাতায়াত ও মানুষ পণ্য পরিবহন করে থাকে। কিন্তু প্রধান শিক্ষক প্রভাব খাটিয়ে জোর করে খাল দখল করে বালু দিয়ে আড়াআড়ি ভরাট করেছেন। এতে খালে চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।
এছাড়া স্কুল ম্যানেজিং কমিটিকে দিয়েও ওই প্রধান শিক্ষক খাল ভরাট করে স্কুলের নামে দখল দেখিয়ে আরো এক একর জায়গা কব্জায় নিয়েছেন।
এক বছর আগে স্থানীয় এক প্রভাবশালী ওই জায়গা দখল করে দোকান ঘর তুললে স্কুল কর্তৃপক্ষ ও গ্রামবাসী তাকে সেখান থেকে উচ্ছেদ করে।
এ ঘটনার আটমাস পর স্কুলে প্রধান শিক্ষক মো. ইলিয়াস আক্তার খাল দখল করে ভরাট করে ভবন নির্মাণ শুরু করেন।
তার দখলকে পাকাপোক্ত করতেই স্কুল ম্যানেজিং কমিটির কিছু সদস্যকে দিয়ে খালের আরো জায়গা দখল করান বলেও অভিযোগ এলাকাবাসীর।
খালের সঙ্গে সাজাইল মাঠের একটি অংশও তারা দখল করে নিয়েছেন বলে জানায় তারা।
পরিবেশ কর্মী বিধান চন্দ্র টিকাদার বলেন, ২০০০ সালের পরিবেশ আইন অনুসারে কোনো খাল ভরাট করে পাকা ভবন নির্মাণ করা যাবে না। ভবন নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বিল্ডিং বিধিমালা অনুসরণ করতে হবে।
এগুলো না থাকলে খাল ভরাট করে ভবন নির্মাণ করা যাবে না। এটি আইনের লঙ্ঘন ও পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী।
সাজাইল ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত উপ সহকারী ভূমি কর্মকর্তা নিত্যানন্দ পাল বলেন, খাল দখলের সময় তারা বাধা দিয়েছিলেন। প্রধান শিক্ষক বাধা অতিক্রম করে খাল ভরাট করেছেন। ভবনের কাজ শুরুর পর তারা কাজ বন্ধের জন্য গত ২৯ মে নোটিস দিয়েছেন। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
শিক্ষক মো. ইলিয়াস আক্তার খালের জায়গা নিজের দাবি করে বলেন, “এস এ রেকর্ডে ওই খানে খাল ছিল না। ওই জায়গার মালিক ছিলাম আমরা। হাল রেকর্ডে ওখানে খাল দেখানো হয়েছে।”
তিনি বলেন, “আমার জায়গায় খাল থাকতে পারবে না। তাই খালে বালু ভরাট করে আমি ভবন নির্মাণ করছি। এ ব্যাপারে ভূমি অফিস বাধা দিয়ে নোটিস করেছে। আমি ওই জায়গার মালিকানা দাবি করে আদালতে মামলা করেছি।”
তবে তিনি খালের মধ্যে ভবন নির্মাণ করার জন্য ভবন নির্মাণ নীতিমালা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা সরকারের কাছ থেকে খাল ভরাটের অনুমতি নেননি বলে স্বীকার করেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক বলেন, “খাল আমাদের স্কুলের জায়গার মধ্য দিয়ে গেছে। এ কারণে আমরা খাল ভরাট করে দখলে নিয়েছি।”
