সাকার দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ অগাস্ট
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও ভাংচুরের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ অগাস্ট অনুষ্ঠিত হবে।
রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত দায়রা জজ হ্লা মং এ দিন নির্ধারণ করেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী এনামুল হক বলেন, “আদালতে আমরা অভিযোগ গঠনের শুনানির জন্য সময় প্রার্থনা করেছি। আদালত আগামী ৩ অগাস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন।”
২০১০ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ও ছলিমপুর এলাকায় পৃথক দুটি নাশকতার ঘটনায় গাড়ি ভাংচুর ও পোড়ানোর অভিযোগে মামলা দুটি করা হয়।
বিশেষ ক্ষমতা আইনের এই দুই মামলাতে সালাউদ্দিন কাদের আসামি। মামলা দুটিতে হাজিরা দিতে গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে চট্টগ্রামে আনা হয়।
