২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভরত সফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 03:10 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

রোববার বেলা ১১টার দিকে টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে। এ সময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, বেলা ১১টার দিকে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ এবং যানবাহন ভাংচুর  করে।

তিনি বলেন, “পুলিশ মহাসড়ক থেকে শিক্ষার্থীদের হটিয়ে দিতে গেলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়।

এ ঘটনায় ওই সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

গত ১০ জুন টঙ্গীর কলেজ গেইট এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় সফিউদ্দিন সরকার একাডেমির দুজন ছাত্রী গুরুতর আহত হয়।ওই সময়ে তাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।গতিরোধক ও ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাসে ওই দিন অবরোধ প্রত্যাহার করে তারা।