গলায় দড়ি দিয়ে বাঁধা কিশোর মোহাম্মদ আলী
জ্ঞান-বিজ্ঞানে মানুষ এখন অনেক এগিয়ে গেছে। আমাদের দেশও বিজ্ঞানের নানা শাখায় উন্নতি করছে, গবেষণায় অবদান রাখছে। কিন্তু প্রত্যন্ত গ্রামের অনেক মানুষ এখনো কুসংস্কার আঁকড়ে ধরে আছে, যা থেকে কবে তারা মুক্ত হবে কেউ বলতে পারে না।
এমন একটি গ্রাম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এড়েন্ডাবাড়ী ইউনিয়নের পূর্ব আলগার চর।
এ জেলার বিভিন্ন গ্রামের মতো এখানেও ভূত, পেত্নিসহ বিভিন্ন অলৌকিক শক্তি সম্পর্কে মানুষের বিশ্বাস প্রচলিত আছে, যা কখনো কখনো অবিশ্বস্য সব গল্পের জন্ম দেয়।
পূর্ব আলগার চরের কিশোর মোহাম্মদ আলীকে (১৭) তার বাবা-মা গত চার বছর ধরে বাড়ির আঙ্গিনায় গলায় দড়ি দিয়ে পশুর মতো বেঁধে রেখেছেন। তাদের বিশ্বাস, মোহাম্মদ আলীকে কালীতে আছর করেছে।
তবে, এ ব্যাপারে এলাকায় কর্মরত সরকারি স্বাস্থ্য বিভাগ কিংবা বেসরকারি সংস্থার (এনজিও) কোনো কর্মী প্রতিবেদন দিয়েছেন বলে জানা নেই কারো।
মোহাম্মদ আলীর মা শান্তি বেগম বলেন, “গেদার (মোহাম্মদ আলীর) বয়োস যহন দুই, তহন হ্যার হ্রায় হ্রায় (প্রায়-প্রায়) হাড় কাইপ্যা কাইপ্যা জ্বর আহে। গেদারে নিয়্যা কবিরাজের কাছে যাই। কবিরাজ হন, (বলেন) তারে নাকি কালী আছর করেছে। তারা অনেক ঝাড়-ফুঁক করেছে, তাবিজ দিয়েছে। ওঝা, ফকির ও কবিরাজ ম্যালা বদল করেছি। কিন্তু গ্যাদা আর (আমার) দিন দিন আরো কাহিল হয়েছে।
“কোনো ওঝা, ফকির ও কবিরাজ হেই কালীরে ছারাইবার পারে নাই। কালী আছর করলে এহনও টালমাইরা (চক্কর দিয়ে) ফালাইয়া দ্যায়। তাই ছাগলের দড়ি গলায় দিয়া বাইন্ধা রাখছি।”
এরপর থেকে তাকে বাড়ির উঠোনে বেঁধে রাখা হচ্ছে।
স্থানীয় এনজিওকর্মী বিজয় কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরাঞ্চলের মানুষের অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের কারণে এমন ঘটনা ঘটছে। ওইসব এলাকায় মানুষের সচেতনা বাড়ানো দরকার।
তিনি মনে করেন, টাইফয়েড আক্রান্ত হওয়ার পর সঠিক চিকিৎসা না করায় ছেলেটি ক্রমান্বয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।
মোহাম্মদ আলীর বাবা খোকা মিয়া জানান, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে গিয়ে আগুনে পরে তার বাম হাত পুড়ে বাঁকা হয়ে গেছে। বাঁধা অবস্থা থেকে একটু ছাড়া পেলেই ছুটতে থাকে সে। এতে তাকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাই ওকে সর্বক্ষণ বেঁধে রাখা হয়।
সাংবাদিকদের কাছে খবর শোনার পর শনিবার দুপুরে আলগার চর থেকে মোহাম্মদ আলীকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তির পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রফিকুজ্জামান বলেন, দীর্ঘদিন গলায় দড়ি দিয়ে বেঁধে রাখায় তার মানসিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
দীর্ঘ চিকিৎসায় তাকে সারিয়ে তোলা সম্ভব বলে জানান তিনি।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. আহাদ আলী জানান, ওই এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
