২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটের উৎপাতে হোস্টেলছাড়া ছাত্রীরা

উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা ছাত্রী নিবাস ছেড়ে গেছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 04:51 PM

Updated : 26 Jul 2022, 12:41 PM

ছাত্রীরা ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে তিন বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করে। সন্ধ্যায় ‘নিরাপত্তাহীন’ ছাত্রীরা আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয়ে নেন।  

এলাকাবাসী তারাপদ সাহা জানান, শুক্রবার বেলা ১১টায় স্থানীয় বখাটে মৃদুল, শামীম ও আকাশ সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নিবাসের দেওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে এবং ছাত্রীদের উত্ত্যক্ত করে।

বিষয়টি ছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও বখাটেদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

এ কারণে নিরাপত্তাহীন বোধ করায় সন্ধ্যায় ছাত্রীরা হোস্টেল ছেড়ে আশপাশের বিভিন্ন শিক্ষক ও আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেন।

ছাত্রী নিবাসটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।  

ছাত্রী নিবাসের নৈশ প্রহরী জালাল উদ্দিন শেখ জানান, ছাত্রী নিবাসের পিছনের শৌচাগারের ট্যাংকির উপর বসে কয়েকজন বখাটে প্রতিদিনই গাঁজা সেবন করে এবং হোস্টেলের ছাত্রীদের উত্ত্যক্ত করে।

ছাত্রী নিবাসের শিক্ষার্থী হাসি খাতুন বলেন, “এলাকার বখাটেদের উৎপাতে আমরা হোস্টেল ছেড়ে এসেছি। অবিলম্বে উত্ত্যক্তকারীদের শাস্তি দাবি করছি।”

কিন্তু এখনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি জানান।  

এ বিষয়ে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছে।”

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েই বখাটেদের ধরতে ইতোমধ্যে কয়েকদফা অভিযান পরিচালনা করা হয়েছে।

লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।