২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন: তদন্ত কমিটির র‌্যাব কার্যালয় পরিদর্শন

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি র‌্যাব-১১ ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ ক্যাম্প কার্যালয় পরিদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 04:16 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটি সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয় ও শহরের পুরাতন কোর্টে ক্যাম্প কার্যালয় পরিদর্শন করে র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে।

জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি বেলা আড়াইটা পর্যন্ত সেখানে অবস্থান করে।

র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক আনোয়ার লতিফ খান বলেন, “তদন্ত কমিটি আমাদের কার্যালয় পরিদর্শন করেছে এবং পরে শহরের পুরাতন কোর্টে অবস্থিত র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসও পরিদর্শন করে।”

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন।

তিন দিনের মাথায় শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ ভেসে ওঠে, যাদের অপহরণের পরপরই হত্যা করা হয়েছিল বলে ময়না তদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন।

নিহত নজরুল ইসলামের পরিবার থেকে ওই হত্যাকাণ্ডে র‌্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করে র‌্যাব।

সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর র‌্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে অকালীন এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আরিফ ও রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।