চুয়াডাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গায় স্থানীয় একটি পত্রিকার সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে জীবননগর উপজেলার উথলী বাজার এলাকায় এ ঘটনায় আহত রাসেল আহমেদ মুন্নাকে (২২) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
জীবননগর থানার ওসি ইকবাল আহমেদ জানান, রাত ১০টার দিকে মুন্না উথলী বাজার থেকে মোটরসাইকেলে করে সেনেরহুদা গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
ওসি বলেন, “মুন্নাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
মুন্নার বাবা আবু জাফর অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করেছে।
তছিরুল আলম মালিক বলেন, মুন্নাকে সাংবাদিকতা সংশ্লিষ্ট বিষয়ে কুপিয়ে আহত করা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে তাকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
