২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য কমিশনের বিভাগীয় পর্যায়ে শুনানির সুপারিশ

তথ্য অধিকার আইনটি জনবান্ধব হলেও তার পুরোপুরি সুফল পেতে নাগরিকদের অভিযোগের শুনানি বিভাগীয় পর্যায়ে নেয়ার সুপারিশ করেছেন রিসার্চ ইনেশিয়েটিভ’র নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 12:47 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

পুরনো খবর:

মানসিকতা পাল্টাতে হবে: মতিন খসরু
কোথাও ফাঁক আছে: খুশি কবির

তথ্য কমিশন গঠনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে শনিবার কমিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনায় এই সুপারিশ জানান তিনি। 

মেঘনা গুহঠাকুরতা বলেন, “১৬ কোটি মানুষের কাছে তথ্য কমিশনকে নিতে হবে। তথ্য কমিশনকে বিভাগে বিভাগে নিতে হবে। শুনানি করতে হবে বিভাগে।”

অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় উঠে এসেছে যে কমিশন গঠনের পর ব্যাপক সাড়া দেখা দিলেও ক্রমে নাগরিকদের উৎসাহ কমে এসেছে।

এজন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছেন নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির। তথ্য কমিশনার সাদেকা হালিম জনবল সঙ্কটের কথাও তুলে ধরেন।

আমলাতান্ত্রিক জটিলতা দূর করে তথ্য দেয়ার প্রক্রিয়াটি সহজ করার ওপর জোর দেন সাবেক আইনমন্ত্রী ও সংসদে অনুমিত হিসাব কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু।

মেঘনা গুহঠাকুরতা বলেন, “জনগণের দাবি যাতে সব তথ্য তারা আইনগতভাবে পায়। কিন্তু এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ। এ উদ্যোগ প্রান্তিক জনগণের কাছেও পৌঁছাতে হবে।”

আর্টিকেল নাইনটিনের (বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া) পরিচালক তাহমিনা রহমান বলেন, “এ আইনটি কতখানি জনগণের কাছে পৌঁছেছে? ৫ বছরে আইন বাস্তবায়নে এ তথ্য কমিশনের স্বাধীনতা কতটুকু ছিল, তাও দেখার বিষয়।”

আইনটির বিষয়ে জনগণকে আরো সচেতন করার আহ্বান জানান তাহমিনা।

“একবার যখন কোনো আবেদনকারীকে অনুৎসাহিত করা হয় তখন তা আরো বেড়ে যায়। কালচার অফ ফিয়ার তথা জনগণের মধ্যে ভীতি দূর করতে হবে। এ মানসিকতা পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।”

তথ্য অধিকার আইন বাস্তবায়নে আট সদস্যের তদারকি দলে নাগরিক সমাজের সমাজের কোনো প্রতিনিধি না রাখার সমালোচনাও করেন তাহমিনা।

অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক জানান, তারা প্রথম বছরে ২৫ হাজার ৪১০টি আবেদন পেয়েছিলেন। এরমধ্যে ৯৯ দশমিক ৭০ শতাংশ তথ্য দেয়া হয়।

“৫ বছরে ৬১ হাজার আবেদন এসেছে। এর মধ্যে ৯৬ দশমিক ৯১ শতাংশ তথ্য দেয়া হয়েছে।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২০ অক্টোবর তথ্য অধিকার অধ্যাদেশ পাস হয়।এরপর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে ২৯ মার্চ তা সংসদে পাস হয়।

আইন পাসের পর ওই বছরের ১ জুলাই গঠন করা হয় তথ্য কমিশন, যে কমিশন পাঁচ বছর পূর্ণ করতে চলছে।