মানসিকতা পাল্টাতে হবে: মতিন খসরু
আমলাতান্ত্রিক জটিলতা দূর করে তথ্য দেয়ার প্রক্রিয়াটি সহজ করার ওপর জোর দিয়েছেন সাবেক আইনমন্ত্রী ও সংসদে অনুমিত হিসাব কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু।
তথ্য কমিশনের ৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার এক আলোচনা সভায় আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে খুশি কবিরের বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলেন, “আমলাতন্ত্র হচ্ছে জনগণের সেবক। কিন্তু জনগণকে জানতে দেব না- আমলাতন্ত্রের প্রচলিত এ মানসিতা দূর করার জন্য ভূমিকা দরকার।
“আপনি সার্ভেন্ট অফ রিপাবলিক। আপনি জনগণের অধিকারকে বাধা দেবেন এ অধিকার নেই। জনগণকে জানতে দিতে হবে। এ মানসিকতা পাল্টাতে হবে। তথ্য দেওয়ার মানসিকতা করতে হবে।”
তথ্য পাওয়ার জন্য আবেদন করতে নাগরিকদের অনীহার কথা তুলে ধরে নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির বলেছিলেন, এক্ষেত্রে আমলাতান্ত্রিক কিছু সমস্যা থাকতে পারে।
মতিন খসরু বলেন, “জনগণ জানতে চায়। কিন্তু জানার জন্যে কোথায়-কিভাবে যেতে হবে, তা তারা জানে না। এ নিয়ে জনসচেতনতার জন্যে কাজ করতে হবে।”
তথ্য অধিকার আইনটি জনগণকে সহজে তথ্য দেয়ার জন্য করা হলেও তার বাস্তবায়ন যথাযথভাবে হচ্ছে না বলে মনে করেন এই আইনপ্রণেতা।
“এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। এ জন্যে একটা মনিটরিং টিম করা দরকার।”
“যে কোনো নতুন আইনের বড় সমস্যা হচ্ছে এটার বাস্তবায়ন। একটি আইনের গভীরে গিয়ে বাস্তবায়ন একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। তথ্য অধিকার আইন নিয়ে আরো কিছু করার সুযোগ রয়েছে।”
প্রশিক্ষণ নিয়ে যাওয়ার পরও তথ্য কর্মকর্তার কিছু ঘাটতি হতে পারে বলে মনে করেন সরকারি এই কর্মকর্তা।
“প্রশাসনিক কাজে আশানুরূপ হতে আরো সময় লাগবে আমাদের। চেষ্টা করছি আমরা। এক সময় গোপনীয়তার বিষয় ছিল। এ আইনটি আসার পর তা সুচারু হয়েছে। এ আইনটি কার্যকর করতে অন্যান্য আইনেও কিছু সংশোধন করতে হবে। তা আমরা করছি।”
তথ্য চাইতে জনগণের অনীহার কারণ হিসেবে তথ্য কমিশনার সাদেকা হালিম বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেন।
তিনি বলেন, যেসব তথ্য মানুষ সহজে জানতে চায় তা অধিকাংশই মৌখিকভাবে জানতে চায়। কিন্তু জেলা পর্যায়ে যথাযথভাবে তা করা হয় না।
“যেখানে জনগণের পাশে দাঁড়াচ্ছি তখন মাঠপর্যায়ে অন্য চিত্র পাই। আদিবাসীসহ অনেক প্রান্তিক জনগণ যখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে যান, তখন ওই কর্মকর্তার হয় পেটে ব্যথা, না হয় বিদেশে গেছে, অনুপস্থিত থাকেন। এটা মানুষকে নিরুৎসাহিত করে।”
আবদুল মতিন খসরুর বক্তব্যে একমত পোষণ করে সাদেকা হালিম জানান, আমলান্ত্রিক জটিলতা রয়েছে। তথ্য পেতে প্রচলিত কাঠামো আরো বেশি সহজ করা দরকার।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক দাবি করেন, তথ্য কমিশন তাদের কাছে বাংলাদেশের নাগরিকদের কাছে চাওয়া ৯৯ শতাংশ তথ্য দিতে পেরেছে।
পাঁচ বছরের সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “৫ বছরে ৫টি ইউনিট করেছি-এটা বড় সফলতা। এ পর্য ন্ত আমরা ২৫ হাজার ৪১০টি আবেদন পেয়েছি। এর মধ্যে ৯৯ দশমিক ৭০ শতাংশ তথ্য দেয়া হয়েছে।”
সাদেকা হালিম নিজেদের দুর্বলতা তুলে ধরে বলেন, পুরো প্রক্রিয়া যথাযথভাবে করতে আরো প্রশিক্ষণ ও গবেষণার দরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের এই আলোচনায় তথ্য কমিশনাররা ছাড়াও, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
রিসার্চ ইনেশিয়েটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, আর্টিকেল নাইনটিনের (বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া) পরিচালক তাহমিনা রহমান আলোচনায় অংশ নেন।
আলোচকদের মধ্যে ছিলেন তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের, তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন, তথ্য সুবিধাভোগী শেখ আলী আহম্মদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট ও একাত্তর টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল ক্যাসপারস্কি।
