২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্নাতকের উত্তরপত্র ‘জালিয়াতির চেষ্টা’, শিক্ষক আটক

যশোরে স্নাতকের (সম্মান) কয়েকজন পরীক্ষার্থীকে পাশ করানোর প্রলোভনে টাকা দাবির অভিযোগে এক কলেজ শিক্ষকসহ দুইজনকে আটক করেছে জেলা প্রশাসন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শুক্রবার সন্ধ্যায় যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আকবার আহমেদ ও একই কলেজের এমএলএসএস রইসুল ইসলাম আটক হন।

রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষকসহ দুজনকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম আব্দুস সালাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের আবশ্যিক ইংরেজি বিষয়ে পাশ করিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ছাত্রের কাছে মোবাইলে ফোন করেন আকবার আহমেদ।

ইংরেজি পরীক্ষার একটি প্রশ্ন ছিল জীবন বৃত্তান্ত লেখা। ওই প্রশ্নের উত্তরে যোগাযোগের স্থানে পরীক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোনের নম্বর দিয়েছিলেন। ওই নম্বর দেখে ফোন করেন আকবার।

এমন ফোন পাওয়া ছাত্রদের একজন অনিন্দ্য সেন জানান, তারা যশোর সরকারি এমএম কলেজের চার সহপাঠী এ ফোন পেয়ে অধ্যক্ষ ইবাদুল হককে বিষয়টি জানান। অধ্যক্ষ তা জানান যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানকে।

জেলা প্রশাসক জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করে প্রতারক শিক্ষককে আটকের ব্যবস্থা নেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হোসেন জানান, শুক্রবার বিকালে ওই শিক্ষক ছাত্রদেরকে টাকাসহ উপশহরে শিশু হাসপাতালের সামনে তার সঙ্গে দেখা করতে বলেন। এসময় কৌশলে দুই ছাত্রের সঙ্গে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম ও মাসুদ উল আলম এবং সাদা পোশাকের পুলিশ দেয়া হয়।

ওই ছাত্রদের নির্দিষ্ট স্থানে নেয়ার জন্য এমএলএসএস রইসুল ইসলামকে পাঠান শিক্ষক আকবার। পুলিশ প্রথমে রইসুলকে দুইটি উত্তরপত্রসহ আটক করে। এরপর তার স্বীকারোক্তিতে শহরের আরবপুরের বাসা থেকে প্রভাষক আকবারকে আটক করা হয়।