২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে জবাবদিহিতা বেড়েছে: মজীনা

যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা বাতিলের কারণেই বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের সার্বিক কল্যাণে সংশ্লিষ্ট সবার মধ্যে অনেক বেশি আন্তরিকতা তৈরি হয়েছে মন্তব্য করে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন,  বাংলাদেশে অনেক ক্ষেত্রেই জবাবদিহিতার জায়গা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 07:54 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাংলাদেশি অধ্যুষিত ‘ফোর্ট লডারডেল সিটি’র এক আলোচনা সভায় ড্যান মজীনা বলেন, “জিএসপি সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের সার্বিক কল্যাণের ব্যাপারে সংশ্লিষ্ট সকলের মধ্যে অনেক বেশি আন্তরিকতা তৈরি হয়েছে।

“তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ব্যাপারেই শুধু নয়, বাংলাদেশে অনেক ক্ষেত্রেই জবাবদিহিতা বেড়েছে। যে সব শর্ত বেঁধে দেয়া হয়েছে তা পূরণ হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে যাবে, এ নিয়ে সন্দেহ-সংশয়ের কোনোই অবকাশ নেই।”

‘ম্যারিয়ট’ হোটেলের বলরুমে স্বেচ্ছাসেবী সংস্থা হোপ ফাউন্ডেশনের সহায়তায় ‘বাংলাদেশি-আমেরিকান কম্যুনিটি অফ সাউথ ফ্লোরিডা’ আয়োজিত এ সভার সঞ্চালক ছিলেন সমাজকর্মী অভিজিৎ বড়ুয়া।

এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইফতেখার মামুদ, জহির, শামীম জি খান, আতিকুর রহমান, আলী নূর মঞ্জু,  মুরাদ খান ঠাকুর, এবং চিকিৎসক শফিউল্যাহ, সালাহউদ্দিন ও সিরাজুল ইসলাম প্রমুখ।

মার্কিন রাষ্ট্রদূত মজীনা বলেন,  “গত বছর বাংলাদেশ এক হাজার ৮০০ গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিক নিরাপত্তা এবং কর্মপরিবেশ উন্নয়নে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ব্যর্থতার জন্যে বন্ধ করা হয়েছে মাত্র আটটি ফ্যাক্টরি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া শর্ত পূরণে সরকার এবং মালিকরা আন্তরিক অর্থেই সচেষ্ট রয়েছেন।”

রাষ্ট্রদূত মজীনা কয়েক মাস আগে নিউইয়র্ক, টেক্সাস, মিশিগান, ক্যালিফোর্নিয়া প্রভৃতি স্থানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেছেন।

মজীনা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ হচ্ছে এশিয়ার ইকোনোমিক টাইগার। বাংলাদেশ অনেক ক্ষেত্রেই এখন উন্নয়ন-অগ্রগতির মডেল।”