‘অটিস্টিকদের পুনর্বাসনে বাংলাদেশ মডেল’
অটিস্টিকদের পুনর্বাসনে সরকারি ও বেসরকারি পর্যায়ে বাংলাদেশে নানা উদ্যোগের কথা তুলে ধরে শেখ সায়মা হোসেন পুতুল বলেছেন, অটিস্টিকদের পুনর্বাসনে বাংলাদেশ এখন সারা বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘উইমেন রিফিউজি কমিশন’ আয়োজিত উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ‘গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের’ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন।
তিনি বলেন, বাংলাদেশে অটিস্টিক শিশুদের কেউ এখন আর অবজ্ঞার দৃষ্টিতে দেখে না।
এর আগে ‘ক্রাইসিস, কনফ্লিক্ট অ্যান্ড ডিজঅ্যাবিলিটি : এনসিউরিং ইক্যুয়ালিটি’ শীর্ষক নামক গবেষণামূলক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন পুতুল।
গ্রন্থটি সম্পাদনা করেছেন গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড এনাবলের’ গবেষণা পরিচালক ড. ভ্যালেরি কার এবং ডেভিড মিশেল।
সায়মা হোসেন পুতুল তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে অটিস্টিকদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি দেশি-বিদেশি ৩০০ এনজিও মাঠ পর্যায়ে কাজ করছে। শুধু তাই নয়, অক্ষমদের জন্য সরকারিতে চাকরিতে ১০ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে।”
পুতুল জানান, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় অসংখ্য শিশু অভিভাবক হারিয়েছে। অসংখ্য মানুষ গৃহহারা হয়। এর মধ্যে অক্ষম মানুষের সংখ্যাও ছিল অনেক। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এসব অসহায় মানুষদের পুনর্বাসনের কাজ শুরু হলেও পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর পুনর্বাসনের সব কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে।
“১৯৯৬ সালে বঙ্গবন্ধুর কন্যা অর্থাৎ আমার মা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর আবারো তারা পুনর্বাসিত হওয়ার সুযোগ পেয়েছে।”
অটিজম আন্দোলনে বাংলাদেশ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, এ শ্রেণির লোকজনের জন্যে সরকারের সর্বস্তরে সহানুভূতির সঞ্চার ঘটেছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।
“বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভ্রাম্যমাণ ক্যাম্প করা হচ্ছে অটিস্টিকদের খোঁজ-খবর নেয়ার জন্যে। প্রয়োজনীয় চিকিৎসা, অর্থ সহায়তা এবং আবাসনের ব্যবস্থাও করা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে।
“অটিজম আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশেষ করে শিশুদের জন্ম নিবন্ধন, অটিস্টিক শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে পারিবারিক ভূমিকা, জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি বিষয়ে বাংলাদেশ রোল মডেল হিসাবে বিশ্ববাসীর স্বীকৃতি পাচ্ছে।”
অটিস্টিক শিশুদের মানসিক বিকাশে প্রশিক্ষণের জন্য বিশেষ মডিউল তৈরির প্রশিক্ষণ ইনস্টিটিউটও গড়ে তোলা হয়েছে বলে জানান তিনি।
ভ্যালেরি কারের সঞ্চালনে আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন উইমেন রিফিউজি কমিশনের গবেষক এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের কর্মকর্তা ডেল বুশার।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ‘ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি- ফেমার পরিচালক এবং প্রেসিডেন্ট বারাক ওবামার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা মার্সি রোথ, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্যানেট নিজেলসানি এবং রিটসুমিকান বিশ্ববিদ্যালয়ের নাগাসি ওসামো।
বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান, নিউইয়র্কের সমাজকর্মী সেলিনা মোমেন, জাকারিয়া চৌধুরী, ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকারসহ জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও বিশ্বস্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
