কুষ্টিয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার
একসপ্তাহ আগে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রকে সদর উপজেলা থেকে উদ্ধার করেছে র্যাবের একটি দল।
পাশাপাশি অপহরণে জড়িত থাকার অভিযোগে দুইজনকে দুই সদস্য সোহাগ (২৫) ও আমিরুল (২৫) নাম দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের কোর্ট পাড়ার একতা ডায়গনস্টিক সেন্টারের সামনে থেকে আব্দুল্লাহ (১২) নামে ওই অপহৃত এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়।
আব্দুল্লাহ ভেড়ামারা উপজেলার মেঘনাপাড়া গ্রামের শাহানুরের ছেলে এবং তাড়াগুনিয়া গোড়স্থান পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আলী হায়দার জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি দল অভিযান চালিয়ে একতা ডায়গনস্টিক সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি রিকশা থেকে আব্দুল্লাহকে উদ্ধার করে।
সেসময় তার সঙ্গে থাকা দুই অপহরণকারীও গ্রেপ্তার হয়।
তিনি জানান, আব্দুল্লাহকে গত ৬ জুন ভেড়ামারার মেঘনাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর থেকেই মোবাইল ফোনে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে আসছিলো অপহরণকারীরা।
অপহৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অপহরণকারীদের আটক করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা আলী হায়দার।
তিনি জানান, আটকরা আন্ত:জেলা অপহরণকারী দলের সদস্য বলে তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে শিশুদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো।
