২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেখক-প্রাবন্ধিক ফখরুজ্জামানের জীবনাবসান

লেখক-প্রাবন্ধিক ফখরুজ্জামান চৌধুরী আর নেই। বার্ধক্যজনিত রোগে ভুগে বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় রাজধানীর উত্তরায় নিজের বাড়িতে মৃত্যু হয়েছে তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 10:37 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

ফখরুজ্জামানের বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনেত্রী দিলারা জামান তার স্ত্রী। চিত্রালীর সম্পাদক আহমেদ জামান চৌধুরী (আজাচৌ) প্রয়াতের ছোট ভাই।

দিলারা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার স্বামী বৃহস্পতিবার সন্ধ্যার পর বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

শুক্রবার বাদ জুমা উত্তরা কবরস্থানে ফখরুজ্জামানকে দাফন করা হবে।

ফখরুজ্জামান-দিলারা জামান দম্পতির দুই মেয়ে। বড় মেয়ে তানিরা জামান কানাডায় থাকেন। ছোট মেয়ে জোবায়রা জামান থাকেন যুক্তরাষ্ট্রে।

১৯৪০ সালের ১ মে চাঁদপুরে জন্ম নেয়া ফখরুজ্জামান ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের পরিচালক ছিলেন।

কবিতা, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ- সাহিত্যের সব ক্ষেত্রেই ছিল ফখরুজ্জামানের বিচরণ। 

তার প্রকাশিত অনূদিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে আনাবাজ (১৯৮৬); দূরদিগন্ত (১৯৮৬) ; প্যালেস্টাইন প্রতিরোধের কবিতা (১৯৯৪)। উপন্যাসের মধ্যে রয়েছে জনারণ্যে কয়েকজন (১৯৯০); একা ও একাকী (১৯৯৪)। নাটক: ইয়ারমা (১৯৯১)।

বিকিকিনির প্রেম (১৯৯২)। হে দুঃখ বিদায় (১৯৯৩); রবিনসন ক্রুসো (২০০৬) তার অনুবাদগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য।

শিশুদের জন্যও লিখেছেন ফখরুজ্জামান। এর মধ্যে রয়েছে হাড় কিপটে বুড়ি (১৯৫৬); রিপভ্যান উইংকল (১৯৫৬); রাজা আর্থারের দরবারে (১৯৬৮); যাদুর রাজা হুডিনি (১৯৮৮); আঙ্কল টমস কেবিন (১৯৯৩); হাঞ্চব্যাক অফ নটরডেম (১৯৯৫); ট্রেজার আইল্যান্ড (১৯৯৮) রাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ (১৯৯৩)।