২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের দুই কর্মকর্তার অভিযোগপত্র অনুমোদন

অর্থ আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের দুই কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত অভিযোগপত্রে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 09:54 PM

Updated : 25 Apr 2022, 04:18 PM

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন- প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক (সিস্টেম অপারেশনস) এসএম তারেক রহমান এবং ডিজিএম (আদার জোন) মো. আবুল কালাম। 

দুদকের উপ-পরিচালক মোফাজ্জল হোসেন হাওলাদার ২০১২ সালের অক্টোবরে রাজধানীর গুলশান থানায় এ মামলা করেন।

মামলার নথি থেকে পাওয়া তথ্যে জানা যায়, ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত  অভিযুক্ত দুই কর্মকর্তা পরস্পর যোগসাজশে মোট ৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন।

কোম্পানির গোপন পাসওয়ার্ড ব্যবহার করে তারা কল জেনারেটেড উইদাউট বিলিং এবং প্রি-পেইড সিমকার্ডকে পোস্ট পেইডে রূপন্তিরিত করে প্রতি মিনিট ৭৬ পয়সা হিসেবে ১২ কোটি ৮১ লাখ ৭৮ হাজার ৩৪ মিনিটের মূল্য হিসেবে এ টাকা আত্মসাৎ করেন।

টাকা আত্মসাতের পাশাপাশি কোম্পানির রেকর্ডপত্র নষ্ট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।