২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুজপুর তাণ্ডব: অভিযোগপত্রে আপত্তি বাদীদের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলা চালিয়ে তিন নেতাকর্মীকে হত্যার ঘটনার পৃথক তিনটি মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রের ওপর আদালতে নারাজি দিতে যাচ্ছেন বাদীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

অভিযোগপত্র দেয়ার আগে বাদী পক্ষকে না জানানো এবং ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাক্ষী না করাকে কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা।

তবে পুলিশ বলছে, ঘটনার প্রত্যক্ষদর্শীদেরই সাক্ষী করা হয়েছে এবং অভিযোগপত্র দেয়ার আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামকে এ বিষয়ে জানানো হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-ই-এলাহির আদালতে দুটি মামলার বাদীর পক্ষে নারাজি আবেদনের জন্য সময় প্রার্থনা করা হয়।

দুই বাদীর পক্ষে আবেদনকারী আইনজীবী মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারাজি দিতে সময় চেয়ে আবেদন করার পর আদালত মামলার পরবর্তী ধার্য তারিখ ২১ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন।”

তিনি বলেন, তদন্তে ত্রুটি-বিচ্যুতি এবং সঠিক সাক্ষী ‍না করার বিষয়ে নারাজি দেয়া হবে। অভিযোগপত্রের অনুলিপি নিয়ে নারাজি প্রস্তুত করা হবে।

মো. রুবেল হত্যা মামলার বাদী তার মামা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল পাশা শওকত, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিহত ফারুক ইকবাল বিপুল হত্যা মামলার বাদী তার ভাগিনা জিয়াউল হক জিয়া এবং ফোরকান মিয়া হত্যা মামলার বাদী তার বাবা এজাহার মিয়া।

এরমধ্যে জামাল পাশা শওকত ও এজাহার মিয়ার পক্ষে বৃহস্পতিবার আদালতে আবেদন করা হয়। জিয়াউল হকও আবেদন করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত সোমবার চট্টগ্রাম জেলা আদালতের নিবন্ধন শাখায় ওই তিন হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় ফটিকছড়ি থানা পুলিশ। গত বুধবার অভিযোগপত্রগুলো আদালতে উপস্থাপন করা (সিন) হয়।

তিন মামলায় মোট ৬২৩ জনকে আসামি করা হয়। তবে আসামিদের অনেকেই তিন মামলার অভিযোগপত্রে আছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি কবির হোসেন।

ওসি কবির হোসেন বলেন, মো. রুবেল হত্যা মামলায় ২১৯ জন, ফারুক ইকবাল হত্যা মামলায় ২০৭ জন এবং ফোরকান মিয়া হত্যা মামলায় ১৯৭ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক উনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “এর মধ্যে রুবেল হত্যা মামলায় ১৬ জন, ফারুক ইকবাল হত্যা মামলায় ১৪ জন এবং ফোরকান হত্যা মামলায় ১২ জন কিশোর আসামি হয়েছে।”

বৃহস্পতিবার ভুজপুর আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, বাদী জামাল পাশা শওকত ও জিয়াউল হক চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেমের কার্যালয়ে দেখা করে তাদের আপত্তির বিষয়ে জানান।

আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার নথি এখনো পাননি তিনি। তবে আশা করছেন রোববার নাগাদ পাবেন।

“এখন পর্যন্ত যতটুকু জানি, এই ঘটনায় আহত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাক্ষী করা হয়নি। কিছু নির্দোষ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ পেয়েছি। তদন্ত কর্মকর্তা আরো সর্তক হতে পারতেন।”

নারাজি আবেদনের বিষয়ে জানতে চাইলে পিপি আবুল হাশেম বলেন, “বাদিরা রাষ্ট্রপক্ষ থেকে নারাজি দিতে আমাকে অনুরোধ করেছেন। নথি পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাব।”

২০১৩ সালের ১১ এপ্রিল ১৮ দলের ডাকা হরতালের বিরুদ্ধে ভুজপুরে মিছিল বের করেন ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, যাতে হামলা হয়েছিল।

পেয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মামলায় দুইশতাধিক সাক্ষী করা হয়েছে। অথচ আহত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাক্ষী করা হয়নি।

“তিন মামলায় বিপুল সংখ্যককে আসামি করা হয়েছে। অভিযোগপত্র দেয়ার আগে আমার সঙ্গেও কথা বলেনি পুলিশ। অথচ সেদিন আমার নেতৃত্বেই মিছিল হয়েছিল।”

দুই বাদী জামাল পাশা শওকত ও জিয়াউল হক অভিযোগ করেন অভিযোগপত্র দেয়ার আগে তাদের জানানো হয়নি।

ভুজপুর থানার ওসি কবির হোসেন বলেন, চিকিৎসক-হাকিম-আহত পুলিশ সদস্যসহ ১৩ জন এবং হামলায় আহত স্থানীয় ৩০ থেকে ৩৫ জনকে প্রতি মামলায় সাক্ষী করা হয়েছে।

“প্রায় এক কিলোমিটার জুড়ে চলা এ হামলায় গাড়ি পোড়ানো, কুপিয়ে হত্যা, মাইকে ঘোষণা ও হামলার প্রত্যক্ষদর্শী এলাকাবাসীকে সাক্ষী করা হয়েছে। যারা মিছিল নিয়ে বাইরে থেকে এসেছিল তারা স্থানীয় হামলাকারীদের চেনে না।”

ওসি কবির হোসেন বলেন, মামলার বিষয়ে দেখভাল করছেন আওয়ামী লীগ নেতা পেয়ারুল ইসলাম। অভিযোগপত্র দেয়ার আগে তাকে জানানো হয়েছে।

গত বছরের ১১ এপ্রিল মিছিলে থাকা কয়েকশ গাড়ি ও মোটর সাইকেলসহ মিছিলটি কাজির হাটে পৌঁছালে কাজীর হাট বড় মাদ্রাসার মসজিদ থেকে মাইকে ঘোষণা দেয়া হয়- ‘বড় হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে’।

এরপর দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে গাড়িবহরসহ মিছিলকে ঘিরে হামলা চালানো হয়। অভিযোগ আছে, স্থানীয় জামায়াতের আমির শফিউল্লাহ নূরীর নেতৃত্বে এ হামলা হয়।

এ হামলায় মোট তিন জন মারা যায়। আহত হয় পুলিশসহ শতাধিক নেতাকর্মী। পুড়িয়ে দেয়া হয় দুইশ মোটর সাইকেল।

পুরনো খবর:

ভুজপুর হত্যামামলার অভিযোগপত্র আদালতে