ভুজপুর হত্যামামলার অভিযোগপত্র আদালতে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে হামলা ও হত্যার ঘটনায় করা তিন মামলার অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে।
বুধবার চট্টগ্রামের বিচারিক হাকিম কুদরত-ই-এলাহির আদালতে মামলা তিনটির অভিযোগপত্রের নথি উপস্থাপন করা হয়।
আদালত পুলিশের পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার পুলিশ তিন মামলার অভিযোগপত্র আদালতের নিবন্ধন শাখায় জমা দেয়। বুধবার তা আদালতে উপস্থাপন করা (সিন) হয়েছে।
ভুজপুর থানার ওসি কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি মামলায় মোট ৬২৩ জনকে আসামি করা হয়েছে। তিনটিতেই আসামির তালিকায় রয়েছেন ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা শফিউল্লাহ নূরী।
২০১৩ সালের ১১ এপ্রিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল ভুজপুর থেকে বের করেন ফটিকছড়ি আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম।
স্থানীয়রা জানায়, কয়েকশ’ গাড়ি ও মোটর সাইকেলসহ মিছিলটি কাজির হাটে পৌঁছালে মসজিদ থেকে মাইকে ঘোষণা দেয়া হয়- ‘বড় হুজুরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে’।
এরপর অস্ত্র-শস্ত্র নিয়ে গাড়িবহরসহ মিছিলকে ঘিরে হামলা চালানো হয়। অভিযোগ আছে, স্থানীয় জামায়াতের আমীর শফিউল্লাহ নূরীর নেতৃত্বে এ হামলা হয়।
ওই হামলায় মোট তিনজন মারা যায়। আহত হন শতাধিক নেতাকর্মী। পুড়িয়ে দেয়া হয় দুইশ মোটর সাইকেল।
ওই ঘটনায় ভুজপুর থানায় পাঁচটি মামলা হয়। অন্য দুটি মামলার তদন্ত চলছে।
