২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফরমালিনযুক্ত ১ লাখ লিচু জব্দ

ফরমালিন দেয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীর দুটি এলাকায় অভিযান চালিয়ে এক লাখ লিচু এবং ১৪০ কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 07:06 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

এসময় বিষযুক্ত ফল বিক্রির অভিযোগে ৬১ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

বৃহস্পতিবার দুপুরে স্টেশন রোড এলাকার ফলমণ্ডি ও পুরাতন বাংলাদেশ ব্যাংক এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে, যাতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবুল হাসান।

ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, ফরমালিন বিরোধী অভিযানের অংশ হিসেবে দ্বিতীয়দিনের মত ফলমণ্ডিতে অভিযান চালানো হয়।

অভিযানে ফরমালিনযুক্ত এক লাখ লিচু ও ৮০ কেজি আম জব্দ করা হয়।

ম্যাজিস্ট্রেট হাবিবুল জানান, ফরমালিনযুক্ত আম পাওয়া যাওয়ায় মেসার্স বাগদাদ ফার্মকে ২০ হাজার টাকা এবং লিচুর জন্য মেসার্স রাসেল এন্টারপ্রাইজকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, গাড়ি থেকে লিচুগুলো নামানোর সময় ফরমালিন পরীক্ষা করে জব্দ করা হয়।

এদিকে, নগরীর পুরাতন বাংলাদেশ ব্যাংক এলাকায় এক ভ্রাম্যমাণ বিক্রেতার কাছে ফরমালিনযুক্ত আম পাওয়া যাওয়ায় ৭০ কেজি আম জব্দ করে নষ্ট করা হয় এবং ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান হাবিবুল।