২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কর্মীকে হত্যা করা হয়েছে, দাবি ইউপিডিএফের

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় তাদের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার বেতছড়ির ১৮ মাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি গ্রামের বাঁশী চাকমার ছেলে ও ইউপিডিএফ কর্মী সত্য চাকমা (৩০) এবং খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বক্যাছড়া গ্রামের রবি কুমার চাকমার ছেলে ও সাবেক কর্মী বিষু কুমার চাকমাকে (৪২) হত্যা করা হয়েছে।

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তাদের হত্যা করেছে বলেও ইউপিডিএফ দাবি করেছে।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “সকাল সাড়ে ১০টার সময় সত্য চাকমা ১৮ মাইল এলাকায় সাংগঠনিক কাজে বের হন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ১০/১২ জন সশস্ত্র হামলা চালায়।  সত্য পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা ধাওয়া করে তাকে ধরে গুলি করে হত্যা করে।

“এরপর  সশস্ত্ররা দোকান থেকে বিষুকেও ধরে নিয়ে যায়। পরে তাকেও গুলি করে হত্যা করে ফেলে যায়।”

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তার জানা নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তার সঙ্গে তাদের কোন সংশ্লিষ্টতা নেই।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান হাবিব বলেন, দুজন নিহত হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।