২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁস রোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার

প্রশ্নপত্র ফাঁস রোধে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলেছেন শিক্ষাবিদরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 06:35 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ পরামর্শ আসার পর তা অনুসরণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী।

এরপর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিশিষ্টজন, আমার শিক্ষকেরও শিক্ষক যারা, তাদের পরামর্শ আমরা অনুসরণ করবো।

“শিক্ষার সার্বিক দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এখানে অনেক কথা উঠে এসেছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীর মানবিক মূল্যবোধ বিকশিত করার বিষয়, নিবেদিত প্রাণ শিক্ষকের বিষয়।”

গত পাঁচ বছর কোনো প্রশ্নপত্র ফাঁস না হলেও এবছর এইচএসসিতে তা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “বিশিষ্টজনরা বলেছেন, প্রশ্নপত্রগুলো করা হয় এনালগ পদ্ধতিতে, আর যারা প্রশ্নপত্র ফাঁস করছে তারা থাকেন ডিজিটাল। তাই প্রশ্নগুলো আরো আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন তারা।

“প্রশ্নপত্র ফাঁস রোধে সব ধরনের তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হবে।”

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির বিষয়ে মন্ত্রী বলেন, এই বিষয়ে ১৯৮০ সালের একটি আইন রয়েছে। আইনটি পরে সংশোধন করা হয়েছে। এটি আরো সংশোধন করে সংসদে তোলা হবে।

তদন্ত করে প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন তিনি।

বৈঠকে অংশ নেয়া অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “শিক্ষার গুণগত মান নিয়ে কথা হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষার মান নিয়েও আলোচনা হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অধ্যাপক জাফর ইকবাল বলেন, “প্রশ্নফাঁসের বিষয়টি আমি ক্ষোভ-দুঃখের সঙ্গে জানিয়েছি। ২০১৪ সালে যে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তাদের দিকে আঙুল তুলে বলা হচ্ছে ‘তোমরা প্রশ্নপত্র ফাঁসের ব্যাচ’। আমি শিক্ষার্থীদের সঙ্গে সমব্যথী।”

শিক্ষাবিদ রফিকুল ইসলাম, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, অর্থনীতিবিদ এমএম আকাশ, কাজী খলিকুজ্জামান, অধ্যাপক হারুন-অর-রশীদ, ড. সালাহ উদ্দিন, জিল্লূর রহমান সিদ্দিকী, রেহমান সোবহান, সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম, সৈয়দ মনজুরুল ইসলাম, এ কে আজাদ চৌধুরী, মুনতাসির মামুন, ডা. প্রাণ গোপাল দত্ত, অনুপম সেন, ফারজানা ইসলাম, রাশেদা কে চৌধুরী, শ্যামলী নাসরিন চৌধুরী, শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, মুস্তাফা মনোয়ার, এনামুল হক, সেলিনা হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

এবারের এইচএসসিতে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠার পর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করে সরকার। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।

এছাড়া পদার্থ, রসায়ন, গণিতসহ কয়েকটি বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে।

প্রশ্ন ফাঁসের ‘প্রমাণ’ দিয়ে জাফর ইকবাল চারটি নিবন্ধও লেখেন, যার তিনটি গণমাধ্যমে প্রকাশের পর শিক্ষামন্ত্রীও একটি লেখায় তার জবাব দেন।

কিন্তু সরকারের পক্ষ থেকে প্রশ্ন ফাঁসের বিষয়টি স্বীকার না করায় সমমনাদের নিয়ে গত ২৯ মে ও ৬ জুন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন জাফর ইকবাল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও তার সঙ্গে যোগ দেন।

পুরনো খবর:

বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী