আমে ফরমালিন, চার প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশাল নগরীর হাটখোলা এলাকায় আমে ফরমালিন মেশানোর অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. শহীদুল আলমের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলাকালে ওই চার প্রতিষ্ঠানকে সতর্কও করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানান, পাইকারী আম বিক্রির লোকনাথ ভান্ডার, মদিনা বানিজ্য ভান্ডার, মায়ের দোয়া ফল ভান্ডার, শাহিন এন্ড ব্রাদার্স ও হাওলাদার এন্টারপ্রাইজের আম পরীক্ষা করা হয়।
এদের মধ্যে হাওলাদার এন্টারপ্রাইজের আমে ফরমালিন পাওয়া যায়নি।
অপর চার প্রতিষ্ঠানের আমে ফরমালিন পাওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফরমালিনযুক্ত আম বিনষ্ট করা হয়।
অভিযানে মহানগর ও জেলা পুলিশ এবং বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও জানান কামরুজ্জামান।
