টাঙ্গাইলে বাসের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হাতিয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
আনুমানিক ২৬ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী বাসটি হাতিয়া এলাকায় পৌঁছালে ছাদের উপরে থাকা ওই যুবক পড়ে যায়। এ সময় আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
