২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নছিমন বন্ধ: হাজার হাজার শ্রমিক ‘বিপদে’

নসিমন-করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত গাড়িগুলো বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলের হাজার হাজার শ্রমিকের পরিবার বিপদে পড়েছে বলে দাবি করছে এর সঙ্গে জড়িত সংগঠনগুলো।

সৈকত আফরোজ আসাদ

ও বদরুল হাসান লিটন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 09:55 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

এসব যানবাহন চালু করার দাবিতে সোমবার পাবনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন নসিমন-করিমন চালকরা।

পাবনা জেলা অটোভ্যান (নসিমন-করিমন) মালিক সমবায় সমিতির ব্যানারে এ সম্মেলনে তারা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়া, রাজশাহীতে দেশীয় তৈরি মোটর যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারাও একই দাবি করছেন।

পাবনা জেলা অটোভ্যান (নসিমন-করিমন) মালিক সমবায় সমিতির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির জেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলিম, কার্যকারী সদস্য শামসুর রহমন, শহিদুল ইসলাম, কাফি উল্লাহ, সফিকুল ইসলাম, আতিয়ার রহমান প্রমুখ।

লিখিত বক্তব্যে তারা বলেন, পাবনা জেলায় প্রায় ১৫ হাজার নছিমন-করিমন দীর্ঘ প্রায় একমাস বন্ধ থাকায় এর সঙ্গে জড়িত প্রায় ৭৫ হাজার লোক মানবেতর জীবনযাপন করছে।

তারা এই যানকে আইনের আওতায় এনে বৈধতা দিয়ে চলাচলের অনুমতি দেয়ার দাবি জানান।

দাবি না মানলে তারা কঠোর আন্দোলনেরও হুমকি দেন।

তারা জানান, প্রায় ১৫ বছর আগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বগুড়ায় নছিমন তৈরি করে চলাচলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পান। পরবর্তীতে এই যানই গ্রামীণ শক্তি নামের একটি প্রতিষ্ঠান তৈরী করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।

তারা জানান, ২০০২ সালে তৎকালীন যোগাযোগ মন্ত্রী শুধু বগুড়াতেই ২৫ হাজার নছিমন-করিমনকে বৈধতা দিয়েছিলেন।

কিন্ত দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারের কাছে এসব যানবাহন চলাচলে বৈধতার দাবি তুলে আসলেও বৈধতা না দিয়ে এগুলো চলাচল বন্ধ করে দেয়া হয়।

তারা আরো বলেন, ১৫ হাজার চালক-মালিক অধিকাংশই হতদরিদ্র পরিবারের সন্তান। বিভিন্ন এনজিওসহ সংস্থার কাছ থেকে প্রতি যানবাহনের বিপরীতে ১ থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছে।

এদের ঋণের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা বলে তারা দাবি করেন তারা।

সংবাদ সম্মেলন শেষে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তারা অবিলম্বে দাবি মেনে নেয়ার জন্য বিভিন্ন স্লোগান দেন।

রাজশাহীতে পরিবহন সংকটে জনদুর্ভোগ

দেশীয় প্রযুক্তিতে তৈরী শ্যালো ইঞ্জিন চালিত এসব মোটর যান (ভটভটি) বন্ধ থাকায় একদিকে যেমন শ্রমিকরা অর্থনৈতিক কষ্টে পড়েছেন, তেমনি দুর্ভোগে পড়েছেন এসব যান ব্যবহারে অভ্যস্ত যাত্রী ও ব্যবসায়ীরা।

কম দূরত্বের যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে এবং কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের মালামাল বহনে পড়েছেন চরম দুর্ভোগে।

শনিবার বিকালে পবা উপজেলার নওহাটায় ভটভটি শ্রমিক ও কৃষি পণ্য ব্যবসায়ীদের যৌথ সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের উপস্থিতিতেই ওয়াজ নবীন নামের এক ভটভটি শ্রমিক আত্মহত্যার হুমকি দেন।

এছাড়াও চার দফা দাবি জানিয়ে রোববার জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ মন্ত্রীকে স্বারকলিপিও দেন মালিক-শ্রমিকরা।

দেশীয় তৈরি মোটর যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী জেলা সভাপতি আকবর আলী লালু বলেন, প্রায় দেড় যুগ ধরে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে শ্যালো ইঞ্জিন চালিত এ মোটর যান তৈরী হচ্ছে। বর্তমানে প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে এসব মোটর যানে স্টিয়ারিং, গিয়ার বক্স ও হাইডোলিক ব্রেক ব্যবহার করা হচ্ছে।

তাই এসব যান আইনগত বৈধতা পাওয়ার যোগ্য বলে দাবি করেন তিনি।

আকবর আলী জানান, তাদের তালিকা অনুযায়ী রাজশাহীতে ৪৪ হাজার ৩৬৬টি এ ধরনের মোটর যান রয়েছে। প্রতি যানে ৮ থেকে ১২ জন যাত্রী অথবা ১৫ থেকে ২৫ মন মাল পরিবহন করা যায়।

গ্রামাঞ্চলে এ যান অত্যান্ত জনপ্রিয়। সাধারণ মানুষ খুব কম খরচে এ যানবাহনে যাতায়াত করে। বিশেষ করে গ্রামের কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা এ যানবাহনের মাধ্যমে কম খরচে সহজেই তাদের মালামাল পরিবহন করে থাকে। এ যানবাহনের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

আকবর বলেন, এ মোটর যান বন্ধ করে দেয়ায় এর সঙ্গে জড়িত শ্রমিকরা যেমন বেকার হয়ে পড়েছেন তেমনি রাস্তায় যানবাহন সংকটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীসহ কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

তিনি বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে যারা এ মোটর যান কিনেছেন তারা এখন চরম বিপাকে পড়েছেন। এনজিও কিস্তি দিতে না পেরে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

রাজশাহী সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু বলেন, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এসব যানবাহনে করে গরু-ছাগল তাদের হাটে নিয়ে আসতেন বা হাট থেকে কিনে নিয়ে যেতেন। কিন্তু এগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে হাটে গরু-ছাগলসহ ক্রেতা বিক্রেতা প্রায় ৩০ ভাগ কমে গেছে।

পবা উপজেলার তিরমহিনী এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী রফিক উদ্দিন জানান, নওহাটা বাজার থেকে প্রতি সপ্তাহে দুইদিন তিনি তার দোকানের মালামাল কেনেন। ভটভটি বন্ধ থাকায় এখন তার যাতায়াত ও মালামাল পরিবহন খরচ দ্বিগুণ হয়ে গেছে।

এছাড়া যানবাহন পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তিনি।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, এ যানবাহন অবৈধ হলেও এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে হাজার হাজার সাধারণ মানুষ। গ্রামাঞ্চলে এ যানবাহন অত্যান্ত জনপ্রিয়।

এগুলো আধুনিক করে কিভাবে অনুমোদন দেয়া যায় সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বিষয়টি তিনি চলতি সংসদে তুলবেন বলে জানান এ সাংসদ।

এদিকে, এসব যানবাহনের বিরোধিতা করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মুনঞ্জুর রহমান পিটার বলেন, অনুমোদনহীন এসব যানবাহনের কারণে জেলার অভ্যন্তরীণ রুটগুলো বাস-ট্রাক চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে বেকার হয়ে পড়ে শত শত শ্রমিক। ফলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হন বলে জানান পিটার।

পরিবহন সংকটের ব্যাপারে তিনি বলেন, রাজশাহীর সকল রুটেই বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সেইসঙ্গে বাস ছাড়ার সময়ও কমিয়ে আনা হয়েছে। যে সকল রুটে বাস আধাঘণ্টা পর পর চলত সেখানে ১৫ মিনিট পরপর চলাচল করছে।