রাষ্ট্রপতিকে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ
প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তির স্মরণ সভায় যোগ দিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।
যুক্তরাজ্য সরকার ও গ্লাসগোর লর্ড প্রভোস্টের আমন্ত্রণপত্র তিনি আবদুল হামিদের কাছে হস্তান্তর করেন বলে রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষপূর্তির অনুষ্ঠান আগামী ৪ অগাস্ট যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি এ সময় আমন্ত্রণের জন্য যুক্তরাজ্য সরকার ও গ্লাসগোর লর্ড প্রভোস্টকে ধন্যবাদ জানান।
সেনাপ্রধানের সাক্ষাৎ
সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া সোমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন।
রাষ্ট্রপতি সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর উন্নয়নে তার সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মোমিনুর রহমানও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
