পাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা ফেল, ‘তাই’ ভাংচুর
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ব্যাবসায় প্রশাসন বিভাগ ভাংচুর করার অভিযোগ উঠেছে।
সোমবার বিকালে ওই বিভাগের ফল প্রকাশিত হয়, এরপর ওই নেতার অনুসারীরা বিভাগে হামলা চালায় বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহাদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান সবুজ ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র। তিনি ৪র্থ বর্ষের ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তার সমর্থক কয়েকজন শিক্ষার্থী ব্যাবসায় প্রশাসন বিভাগে ভাংচুর চালায়।
তারা বিভাগের দরজা-জানালার কাঁচ ও কয়েকটি কম্পিউটার ভাংচুর করে বলে তিনি জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটির মেয়দ তিন মাস থাকার কথা, অথচ বছর পূর্তি হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ভাই বিস্তারিত কিছু বলতে পারব না, আমি ব্যস্ত আছি।”
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মুশফিকুর রহমান বলেন, কারা ভাংচুর করেছে সেটা বলতে পারব না, তবে এ ঘটনায় পাবনা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামানের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
