‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিচালক নিয়োগে মানদণ্ডে জোর দেয়া হবে’
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পরিচালক নিয়োগে যথাযথ মানদণ্ড নির্ধারণের ওপর বিশেষভাবে নজর দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানির (ইউবিকো) ডিভিডেন্ট চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকায় জালিয়াতি হয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে সব সময়ই কিছু না কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে। কোনো কোনো সময় আমাদের চয়েজ ঠিকমত হয়না। এতে করে অসুবিধায় পড়তে হয়।’
“তবে দুর্নীতি থাকবে। তবে বড় বড় জালিয়াতি ধরা পড়ায় আমাদের পরিদর্শন ও পর্যবেক্ষণ ব্যবস্থায় নানা ধরনের যে দুর্বলতা ছিল সেখানে পরিবর্তন এসেছে। হয়তো আরো পরিবর্তন আসবে।”
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জালিয়াতি প্রসঙ্গে তিনি বলেন, “এক্ষেত্রে সকলে মিলেই দোষটা মেনে নিতে হবে। সম্প্রতি এ ধরনের ঘটনা কমে এসেছে। এ ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি পরিচালনা পর্ষদকে আরো শক্তিশালী করতে সরকার কাজ করছে।”
অনুষ্ঠানে ২০১৩ সালে বাংলাদেশ সরকারের প্রাপ্য প্রায় ৭৩ লাখ টাকার ডিভিডেন্ড হস্তাস্তর করে প্রতিষ্ঠানটি।
এসময় ইউবিকোর ডেপুটি চেয়ারম্যান ও ব্যাংকিং সচিব এম আসলাম আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম আকবরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউবিকো’র পরিশোধিত মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা। এরমধ্যে ‘সংযুক্ত আরব আমিরাত’ সরকারের বিনিয়োগ হচ্ছে ৬০ কোটি টাকা এবং বাংলাদেশ সরকারের বিনিয়োগের পরিমাণ হচ্ছে ৪০ কোটি টাকা।
প্রতিষ্ঠানটি মূলত: ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ঋণ দিয়ে থাকে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এর মূল লক্ষ্য।
