২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম হত্যায় আরেকজন গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 03:34 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে শহরের বনানী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুল ইসলাম পাপন (১৭) ফেনী শহরের জিএ একাডেমি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

এ মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মাহবুব মোর্শেদ বলেন, রোববার দুপুরে  গ্রেপ্তার আরমান হোসেন কাওসারের দেয়া তথ্য ও  জিজ্ঞাসাবাদে অন্য আসামিদের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে পাপনকে গ্রেপ্তার করা হয়। পাপন ঘটনার দিন একরামের গাড়ির সামনে একটি ময়লার ট্রলি দিয়ে সড়ক অবরোধ করে গাড়ির গতি রোধ করে।

বিকেলে কাওসার ও পাপনকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।

একরাম হত্যায় এ পর্যন্ত ১৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে জনসমক্ষে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।