হাই কোর্টে স্থায়ী হলেন ৫ বিচারক
হাই কোর্ট বিভাগের পাঁচ অতিরিক্ত বিচারককে স্থায়ী নিয়োগ দেয়া হয়েছে।
স্থায়ী নিয়োগ পাওয়া বিচারকরা হলেন- বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মাহমুদুল হক, বিচারপতি মো. বদরুজ্জামান বাদল, বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ।
আইন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের পাঁচজন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক নিয়োগ করেছেন।
সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
২০১২ সালের ১৪ জুন এই পাঁচ বিচারকসহ মোট ৬ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। অন্য বিচারক হচ্ছেন বিচারপতি এবিএম আলতাফ হোসেন।
আইন মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে তার সম্পর্কে কিছু বলা হয়নি।
বিচারপতি এবিএম আলতাফ হোসেন সম্পর্কে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বলেন, “৫ জনের ব্যাপারে প্রজ্ঞাপন হয়েছে। আমরা ৫ জনের ব্যাপারেই কাগজপত্র পেয়েছি। উনি (এবিএম আলতাফ হোসেন) আজ বসেননি।”
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মঙ্গলবার থেকে তার নাম কার্যতালিকায় আসবে না বলে জানান শামসুল ইসলাম।
