নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণের আশ্বাস
ভাষা শহীদদের সম্মানে নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার নির্মাণে সহায়তার আশ্বাস দিয়েছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটদলীয় সদস্য ড্যানিয়েল ড্রোম।
রোববার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক পথমেলায় এ আশ্বাস দেন যুক্তরাষ্ট্র সরকারের অভিবাসন সম্পর্কিত কমিটির এই চেয়ারপারসন।
প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে এবং অন্যান্য স্থানে ডজনখানেকের বেশি শহীদ মিনার নির্মাণ করা হয়, যার সবই অস্থায়ী। জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে স্থায়ী একটি শহীদ মিনারের দাবি দীর্ঘদিনের।
এ সময় ড্রোম আগামী ফেব্রুয়ারির আগেই সিনেটে স্থায়ী শহীদ মিনারের নির্মাণ সংক্রান্ত বিল পাসের আশ্বাস দিলে উল্লসিত হয়ে ওঠে অনুষ্ঠানে উপস্থিত বাঙালিরা।
পথমেলায় প্রখ্যাত লোক সঙ্গীতশিল্পী মমতাজ, প্রতিক হাসান, নওশীন, শাহ মাহবুব, লেমিস, কালামিয়া প্রমুখ জনপ্রিয় গান গেয়ে শোনান।
অনুষ্ঠানে শিল্পী মমতাজ এবং উত্তর আমেরিকায় সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এম শাহীনকে জেবিবিএর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
পথমেলায় বক্তব্য রাখেন জেবিবিএর সভাপতি মো. মহসিন মিয়া, পথমেলা কমিটির আহবায়ক মোহাম্মদ পিয়ার এবং সদস্য সচিব মুনসুর এ চৌধুরী।
