২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নলডাঙ্গায় চলছে ভোট

প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে চলছে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 09:32 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪৬টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার স্বার্থে প্রতিটি কেন্দ্রে একজন এসআই অথবা এএসআইয়ের নেতৃত্বে চারজন কনস্টেবল এবং ১২ জন করে আনছার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ সুপার নাহিদ হোসেন বলেন, “নির্বাচনের কারণে এলাকায় ১০০ সেনা সদস্য, ১০০ বিজিবি, ৫২ র‌্যাব সদস্য, ৮০ আর্মড ব্যাটালিয়ন পুলিশ, ৪১৬ পুলিশ এবং ৭০০ আনছার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।”

এদিকে ভোট শুরুর প্রথম ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল স্বাভাবিক। সকাল ৮টার আগেই নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পাটুল প্রাথমিক বিদ্যালয় ও খাজুরা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের লাইনে অপেক্ষমান দেখা গেছে।

নাটোরের নলডাঙ্গা এলাকার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে উপজেলাটি গঠন করা হয় ২০১৩ সালে।

জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, উপজেলার মোট ভোটার ৯২৭৪৫।