২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ

রংপুর, সিলেট ও বরিশাল বিভাগে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 01:07 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সভায় রংপুর, সিলেট ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে।

বর্তমানে ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও রাজশাহীতে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে।

তিনি বলেন, "স্ব-শাসিত এই তিন সংস্থা গঠন হলে জাতীয় স্বার্থে সিলেট, রংপুর ও বরিশাল এলাকার উন্নয়ন নিয়ন্ত্রণ ও পরিকল্পিত উন্নয়ন সম্ভব হবে।"

এই তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য সচিব কমিটিতে উত্থাপিত সার-সংক্ষেপ বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত পর্যটন নগরী সিলেট ছাড়াও নবগঠিত রংপুর ও বরিশাল বিভাগ আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে।

তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত আইনের খসড়ার জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় থেকে মতামত নেয়া হয়েছে বলে সার-সংক্ষেপে উল্লেখ রয়েছে।

এতে বলা হয়, এই তিনটি জেলা বিভাগে উন্নীত হওয়ার ফলে ক্রমাবর্ধমান হারে নগারায়ন ও বিভাগীয় শহরের আওতায়ধীন অনেক স্থানই আকর্ষণীয় পর্যটন স্পট করার অনুকূল অবস্থা রয়েছে।

“তিন বিভাগীয় সদর এলাকায় ব্যাপক এবং অপরিকল্পিত উন্নয়ন নানাবিধ সমস্যা সৃষ্টি করছে। পরিবেশ সংকটপূর্ণ এলাকায় আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন, অপরিকল্পিতভাবে বহুতল ভবন, হোটেল-মোটেল, অ্যাপার্টমেন্ট নির্মাণ এ সমস্যার মূল কারণ হিসাবে দেখা দিয়েছে।”

এ প্রেক্ষাপটে ভবিষ্যৎ সম্ভবনাকে সামনে রেখে সিলেট, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সংরক্ষণ ও পরিকল্পিতভাবে উন্নয়নের জন্য পদক্ষেপ নেয়া জরুরি বলে সার-সংক্ষেপে বলা হয়েছিলো।

এই তিন বিভাগীয় শহরে কর্তৃপক্ষ না থাকায় স্থানীয় পৌরসভায় বেসরকারি পর্যায়ে নির্মিত ভবনের নকশা অনুমোদনসহ অন্যান্য ছাড়পত্র দেয়া হয়। কিন্তু বহুতল ভবন বা নগরীর সৌন্দর্য় রক্ষা করে বিকাশের কোনো ধারনা ও কারিগরি অভিজ্ঞতা সম্পন্ন জনবল পৌরসভার নেই।

ট্রাইব্যুনালের নিয়োগ বিধিমালা অনুমোদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (কর্মচারী ও কর্মকর্তা) নিয়োগ বিধিমালার অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি।

নিয়োগ বিধিমালা না থাকয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর থেকে জনবল সংযুক্তির মাধ্যমে কার্ক্রম চলছিল।

জনগুরুত্বপূর্ণ কাজ সুষ্ঠুভাবে করতে এই তদন্ত সংস্থায় নিয়মিত জনবল নিয়োগ আবশ্যক বলে বিধিমালা প্রণয়নের জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সার-সংক্ষেপে বলা হয়েছিল।

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে গত বছরের ৬ জুন ২৫টি দ্বিতীয় শ্রেণির, দুইশ' তৃতীয় শ্রেণির এবং ৪৭টি চতুর্থ শ্রেণিসহ ২৮৯টি পদ সৃজনের সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।

খসড়া বিধিমালা অনুযায়ী, সরাসরি নিয়োগ, পদোন্নতি এবং প্রেষণে বদলির মাধ্যমে তদন্ত সংস্থায় নিয়োগ দেয়া যাবে। তবে তফসিলে উল্লেখিত বয়সসীমার মধ্যে এদের নিয়োগ দিতে হবে।

তবে কোনো ব্যক্তি অ্যাডহকভিত্তিতে আগে থেকেই নিয়োগ পেলে তার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা শিথিল করা যাবে।