বিজিবি ও বিজিপি সম্মেলন মঙ্গলবার
বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মঙ্গলবার থেকে চারদিনের সীমান্ত সম্মেলন শুরু হতে যাচ্ছে।
রোববার 'বর্ডার গার্ড অফ বাংলাদেশ' (বিজিবি)- এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ-এর নেতৃত্বে আট সদস্যের একটি দল সম্মেলনে যোগ দিতে সোমবার মিয়ানমারের যাচ্ছেন।
সম্প্রতি বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে একজন বিজিবি সদস্যকে গুলি করে হত্যার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশ নিন্দাও জানায়। মাঠ পর্যায়ের বৈঠকের পর বিজিবি সদস্যের লাশ ফেরত দেওয়া হয।
এ পরিস্থিতির মধ্যে মিয়ানমারের নেপিতো শহরে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলনে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) -এর প্রধান মেজর জেনারেল জ উইন-এর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে বলে বিজিবি'র বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে বিজিবির উর্দ্ধতন কর্মকর্তা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মেলনে বিজিবি’র পক্ষ থেকে ইয়াবা ও মদ পাচার রোধ, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন স্তরের কমান্ডারদের মধ্যে সরাসরি (টেলিফোন/ মোবাইল ফোনের মাধ্যমে) যোগাযোগ স্থাপন, গুলি বিনিময়ের ঘটনা তুলে ধরা হবে বলে জানিয়েছে বিজিবি।
এছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা চালুকরণ, নাফ নদী ও বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের সমস্যা নিরসন এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
সম্মেলনে ১২ জুন দুই দেশের মধ্যে যৌথ দলিল (জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন্স) স্বাক্ষরিত হবে।
মায়ানমার সফরকালে বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রী, উপ-মন্ত্রী এবং ইমিগ্রেশন ও ন্যাশনাল রেজিস্ট্রেশন বিভাগের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
