গুলিতে আহত যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১
রাজধানীর হাজারীবাগে গুলি ও ছুরিকাঘাতে আহত এক যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮টার দিকের হাজারীবাগের সনাতনগড় এলাকায় হামলার শিকার আহত আবু রায়হান (৩৩) রোববার ভোরে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় মারা যান বলে হাজারীবাগ থানার ওসি মো. মইনুল ইসলাম জানিয়েছেন।
রায়হান হাজারীবাগের সনাতন হাজারীবাগের সনাতনগড়েই থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার বেলবাড়িতে। তিনি পানি বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ওসি মইনুল বলেন, "হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রোববার সকালে রীনা আক্তার প্রিয়া (২৯) নামে এক এনজিও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসায় রক্ত মাখা কাপড় পাওয়া গেছে।"
নিহত রায়হানকে পেটে ছুরিকাঘাত ও ডান হাতে গুলি করা হয়েছিলো।
পুলিশ কর্মকর্তা মইনুল বলেন, "ধারণা করছি এর সঙ্গে কোনো না কোনোভাবে রীনা জড়িত এবং পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।"
