২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রিকশা-অটোরিকশা ধর্মঘট স্থগিত

চট্টগ্রামে সিটি মেয়র ও প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে ১০ জুনের অবরোধ প্রত্যাহার করেছে অটোরিকশা ও হস্তচালিত রিকশা মালিক-শ্রমিকদের চার সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

রোববার রাতে চার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ প্রত্যাহারের খবর জানানো হয়।

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধির সঙ্গে সকালে মেয়রের কার্যালয়ে বৈঠক হয়।

"বৈঠকে ব্যাটারিচালিত রিকশার চার্জ দেয়ার জন্য অবৈধ সংযোগ নিয়ে যেসব গ্যারেজ চলছে তার বিরুদ্ধে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দিয়েছেন।"

হারুনুর রশিদ বলেন, "প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেয়ায় আমরা অবরোধ আপাতত স্থগিত করলাম। পরিস্থিতি দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।"

বন্দর নগরীতে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের দাবিতে আগামী ১০ জুন অবরোধের ডাক দেয় চারটি সংগঠন। এগুলো হলো অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন, সিএনজি বেবিট্যাক্সি মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ এবং চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, উপ-কমিশনার (ট্রাফিক, উত্তর) ফারুক আহমেদ ও উপ-কমিশনার (ট্রাফিক, বন্দর) সুজায়েত ইসলাম।

সভায় চার সংগঠনেরই উপদেষ্টা শ্রমিক নেতা ওয়াজি উল্লাহ ও সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। 

এর আগে গত ২০ মে একই দাবিতে চট্টগ্রাম নগর ভবন ঘেরাও করে এ চার সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় কয়েক ঘণ্টা নগর ভবনে অবরুদ্ধ ছিলেন মেয়র মনজুর আলম।