২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা গ্যারেজে অভিযান

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে চার গ্যারেজ মালিককে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে জরিমানা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 09:21 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

রোববার পিডিবি চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের (দক্ষিণ) জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত নগরীর পাহাড়তলি থানার মনছুরাবাদ এলাকায় অভিযানে চারটি রিকশা গ্যারেজে অবৈধ সংযোগ ব্যবহার করে ব্যাটারি চার্জ দেয়ার প্রমাণ পায়।

এ বিষয়ে পিডিবি’র চট্টগ্রাম বিতরণ দক্ষিণাঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারটি গ্যারেজের মালিককে মোট ছয় লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"

এরমধ্যে গ্যারেজ মালিক মো. নাছির উদ্দিনকে এক লাখ ৪০ হাজার টাকা, মো. মনিরকে এক লাখ ২৫ হাজার টাকা, শামসুদ্দিন মো. শামীমকে এক লাখ ৯০ হাজার টাকা ও আজাদকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্যটারি চালিত রিকশা বন্ধের দাবিতে আগামী ১০ জুন চট্টগ্রামে অবরোধের ঘোষণা দিয়েছে অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন। 

একই দাবিতে সংহতি জানিয়েছে আরো তিন সংগঠন। এগুলো হলো- সিএনজি বেবিট্যাক্সি মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ এবং চালক-মালিক সমন্বয় সংগ্রাম পরিষদ।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে এর আগে গত ২০ মে চট্টগ্রাম নগর ভবন ঘেরাও করে এ চার সংগঠনের নেতাকর্মীরা।

ওই দিন মেয়রের সঙ্গে বৈঠকে ব্যাটারিচালিত রিকশা বন্ধ এবং এসব রিকশার ব্যটারিতে চার্জ দেওয়ার অবৈধ গ্যারেজে অভিযান চালানোর দাবি জানান আন্দোলনকারীরা।