২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ক্লিনিকে প্রসূতির মৃত্যু, ভাংচুর

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে পাবনার বেড়া উপজেলায় একটি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে মৃতের স্বজনরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 03:15 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার সকালে বেড়া পৌর এলাকায় মেডিসিটি ক্লিনিকি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ভাংচুরের সময় এক চিকিৎসককে মারধরও করা হয়।

মৃত বৃষ্টি খাতুন (২২) বেড়া পৌর এলাকার স্যানালপাড়া মহল্লার দেলোয়ার হোসেনের স্ত্রী।

বেড়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে প্রসব ব্যথা নিয়ে মেডিসিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বৃষ্টিকে ভর্তি করা হয়। রাতেই ওই ক্লিনিকের চিকিৎসক মামুনের তত্ত্বাবধানে অপারেশনের মাধ্যমে প্রসব করানো হয়। রোববার ভোরে মারা যায় বৃষ্টি।

ওসি বলেন, বৃষ্টি মারা যাওয়ার পর বিক্ষুব্ধ স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্লিনিকের সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর এবং ওই চিকিৎসককে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চিকিৎসক মামুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কার্তিক কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। চিকিৎসক মামুন পাবনার বাইরে থেকে এসে এখানে চাকরি করেন। তার সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই।”

বৃষ্টির স্বামী দেলোয়ার বলেন, ভুল অপারেশনের কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১০ টার দিকে ক্লিনিক ঘেরাও করে। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকরা।