২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে প্রার্থিতা প্রত্যাহার করছেন আনোয়ার

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন  মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 01:53 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার দুপুরে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, “উপ-নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। আমি সারাজীবন দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত মেনে চলেছি। দলের কেন্দ্রীয়  নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই আমি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহমেদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।

সংবাদ সম্মেলনের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদক প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করা হয়েছে কি না জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, “আমি তো প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছি, এখন নির্বাচনে থাকার প্রশ্নই আসে না।”

সোমবার বিকাল ৫টা পর্যন্ত এই উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচন কমিশনে প্রত্যাহারের কাগজপত্র জমা দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন।

এর আগে নির্বাচনের আরেক স্বতন্ত্র প্রার্থী নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি ও বিএনএফ নেতা হামিদুর রহমান খান ভাসানীর মনোনয়ন বাতিল করা হয়।

রাব্বি প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেও নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে।

আনোয়ার হোসেনের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন গৃহীত হলে এই নির্বাচনে লড়াইয়ে থাকবেন ৫ জন।

এরা হলেন- জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান, সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, মোহাম্মদ মামুন সিরাজুল, কৃষক-শ্রমিক-জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও ইকবাল সিদ্দিকী।