২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত জেলায় ৯ খুন

দেশের সাত জেলায় শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত অন্তত নয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ, যার মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য এবং প্রতিবন্ধীও রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 12:48 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

এর মধ্যে বান্দরবান ও নারায়ণগঞ্জ দুইজন করে এবং সাভার, চুয়াডাঙ্গা, বাগেরহাট, ফেনীতে ও  মুন্সীগঞ্জে একজন করে খুন হওয়ার খবর জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা।

বান্দরবান প্রতিনিধি জানান, রোয়াংছড়ি উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক তরুণীকে ধর্ষণের পর খুনের অভিযোগে জনতা এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

শনিবার এ ঘটনায় নিহত মোসলেম মিয়া (২৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

রোয়াংছড়ি থানার ওসি আবদুস সাত্তার জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার অংজাই পাড়ার মংক্যহ্লা মারমার মেয়ে উপ্রু মারমাকে (২০) ধর্ষণের পর হত্যা করা হয়।

শনিবার সকালে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে সকালে স্থানীয় রশদ তঞ্চঙ্গ্যার ছেলে বিজয় তঞ্চঙ্গ্যাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটকের পরে বিজয় ঘটনার সঙ্গে তিনিসহ মোসলেম ও ফোরকান জড়িত ছিলো বলে স্বীকারোক্তি দেয়।

বিষয়টি জানতে পেরে দুপুরে বেঙছড়ি এলাকার জনতা মোসলেম মিয়াকে ধরে পিটুনি দেয়।

সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অবস্থার অবনতি হলে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা বলেন, উপ্রু শুক্রবার সাপ্তাহিক বাজার করতে রোয়াংছড়ি বাজারে আসেন। সন্ধ্যায় ঘরে ফেরার পথে বেঙছড়ি পাড়ার পাশে তাকে একা পেয়ে ওই তিনজন তাকে ধর্ষণের পর হত্যা করে।

অভিযুক্ত ফোরকান ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

সাভার প্রতিনিধি জানিয়েছেন, উপজেলার হেমায়েতপুরের যাদুরচর এলাকায় দুই বোনকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর ছোটবোন শিল্পী আক্তারের (২০) মৃত্যু হয়েছে।  

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বড় বোন শিলা আক্তার (২৩), যার স্বামী শরীফ হোসেনই তাদেরকে কুপিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।  

নিহত শিল্পী ও আহত শিলা আক্তার (২৩) সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার বাবুল মিয়ার কন্যা। তারা দুজনেই বাক-প্রতিবন্ধী।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করার পর ঘরে ঢুকে শিল্পী ও শিলাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন শরীফ।

“দুজনেই তখন ঘুমিয়ে ছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে শিল্পীর মৃত্যু হলেও মুমূর্ষু অবস্থায় ছোট বোনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, দুই উপজেলায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সকালে রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি মীর আসাদুজ্জামান জানান, ভোরে উপজেলার মাছিমপুর এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা  পুলিশে খবর দেয়।

নিহত আনোয়ার হোসেন (৩৮) নরসিংদীর সদর উপজেলার রমদী এলাকার নোয়াব আলীর ছেলে। তিনি উপজেলার বরপা এলাকার আসাদ আলীর বাড়িতে বসবাস করতেন।

তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ওসমান ডাইং ফ্যাক্টরিতে সহকর্মীদের মারধরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত কামাল শেখ (২৮) খুলনার তলীকাটি এলাকার টুকু শেখের ছেলে।

এ ঘটনায় কারখানার চার শ্রমিককে আটক করা হয়েছে বলে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলায় যৌতুকের কারণে এক গৃহবধূকে হত্যার অভিযোগে শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আলমডাঙ্গা থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শালিখা গ্রামের সোহাগমোড় থেকে গৃহবধূ শাহেনা খাতুনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শাহেনা ওই গ্রামের মোহাম্মদ রতনের স্ত্রী।

এসআই মোস্তাফিজুর বলেন, দেড় বছর আগে রতনের সঙ্গে বিয়ে হয় শাহেনার। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শাহেনার ওপর চলতো শারীরিক ও মানসিক নির্যাতন।

শুক্রবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি থেকে শাহেনার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেনী প্রতিনিধি জানান, সদরের ফাজিলপুরে শনিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফেনীর ফাজিলপুর সাউথ ইস্ট কলেজের পুকরে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ধারণা করছে, যুবকটিকে অন্য কোথাও হত্যা করে লাশ কলেজের পুকুরে ফেলে দেয়া হয়েছে।

বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, মংলা উপজেলায় শেলা নদী থেকে শনিবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মংলা থানার ওসি মো. বেলায়েত সাড়ে ১১টার দিকে উপজেলার শেলা নদীতে জেলেরা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওই ব্যক্তিকে ২-৩ দিন আগে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, শ্রীনগর উপজেলায় গৃহবধূ শান্তা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শনিবার ষোলঘর এ কে এস কে উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শান্তা আক্তার (১৯) স্থানীয় ঝুমুর সিনেমা হলের কর্মচারী মনির হোসেনের মেয়ে।

শান্তার স্বজনরা জানান, পাঁচ মাস আগে ষোলঘর এলাকার দিনুর ছেলে রাজীবকে (২৫) পালিয়ে বিয়ে করেন শান্তা।

পরে বিষয়টি পারিবারিকভাবে মেনে নিলেও শান্তার উপর নির্যাতন শুরু করে রাজীব। এর ফলে তিন মাসের মাথায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

এক মাস আগে রাজীব আবার শান্তাকে বুঝিয়েসুঝিয়ে নিয়ে যায়। কিন্তু এক সপ্তাহ আগে থেকে আবার দাম্পত্য কলহ শুরু হয়।

শান্তার বাবা মনির হোসেন বলেন, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজীব ও তার দুই সঙ্গী শান্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এরপর রাজীব হাসপাতালে শান্তার লাশ রেখে সঙ্গীদের নিয়ে পালিয়ে যায় বলে তিনি জানান।

শ্রীনগর থানার এসআই আশরাফুজ্জামান জানান, মৃতের গলার নিচে কালো দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।